মায়ের সঙ্গে নানাবাড়ি থেকে ফিরছিল শিশু, অটোরিকশার নিচে চাপা পড়ে প্রাণ গেল
খাগড়াছড়ির পানছড়িতে নানাবাড়ি থেকে বাড়ি ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশা উল্টে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই শিশুর মা, বড় বোন ও বিজিবির এক সদস্য আহত হয়েছেন।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার লতিবান ইউনিয়নের প্রিন্সিপাল পাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম তানিয়া আক্তার (১২)। সে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ির পুরোনো বড়নাল এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন ও ডেইজি আক্তারের ছোট মেয়ে। মা ও বোনের সঙ্গে নানাবাড়ি থেকে ফিরছিল সে।
স্থানীয় সূত্রে জানা যায়, তানিয়া তার মা ডেইজি আক্তার (৩৫) ও বড় বোন আঁখি আক্তারের (১৭) সঙ্গে পানছড়ির পাইলট ফার্ম এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশায় খাগড়াছড়ি সদরে ফিরছিল। পথে প্রিন্সিপাল পাড়া এলাকায় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় অটোরিকশার নিচে চাপা পড়ে তানিয়া। দুর্ঘটনায় তার মা, বড় বোন ও বিজিবি সদস্য আবদুর রাজ্জাক আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তানিয়াকে মৃত ঘোষণা করেন।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।