মাইক্রোবাসে এসে আওয়ামী লীগের ব্যানারে মিছিল, ধাওয়া দিয়ে ১০ জন আটক

জব্দ করা মাইক্রোবাস। ছবি: পুলিশের সৌজন্যে

একটি মাইক্রোবাসে করে আসেন কয়েকজন যুবক। হাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার-পোস্টার। একপর্যায়ে মিছিলও শুরু করেন। তাঁদের দেখতে পেয়ে ধাওয়া দেয় পুলিশ। আটক করা হয় অন্তত ১০ জনকে।

আজ শুক্রবার বেলা দুইটার দিকে চট্টগ্রাম নগরের সিআরবি এলাকাতে ঘটেছে এই ঘটনা। আটক ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটিও জব্দ করেছে।

পুলিশ জানায়, পবিত্র জুমার নামাজের পর মাইক্রোবাসটিতে করে সিআরবির বক্ষব্যাধি হাসপাতালের সামনে আসেন ওই যুবকেরা। এরপর মিছিলও শুরু করেন। তবে ঘটনাস্থলের পাশেই পুলিশের একটি টহল দল ছিল। টহল দলের সদস্যরা ধাওয়া দিতেই মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। আটক যুবকেরা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির প্রথম আলোকে বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ব্যানার হাতে মিছিল করার সময় ১০-১২ জনকে আটক করা হয়েছে। তাঁদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।