গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে মহানগরের চান্দনা চৌরাস্তা-জয়দেবপুর আঞ্চলিক মহাসড়কের চান মিয়া সুপার মার্কেটের রায়হান স্টোরের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দুটি চাপাতি, দুটি সুইচ গিয়ার চাকু ও ছয়টি মুঠোফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শহিদুল ইসলাম ওরফে নবাব (২৪), মো. মোবারক হোসেন (১৯), মো. মামুন (২৪), সিরাজুল ইসলাম সিফাত (২১), মো. দেলোয়ার হোসেন দেলু (২৮) ও মো. রিপন মিয়া (২৮)।

গাজীপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ডিবি-মিডিয়া) আবু সায়েম নয়ন জানান, রায়হান স্টোরের সামনে দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন ডাকাতেরা, এমন খবর পেয়ে রাত সোয়া তিনটার দিকে অভিযান চালায় বাসন থানা-পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে ছয় ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আরও চার-পাঁচজন পালিয়ে গেছেন। গ্রেপ্তার ডাকাতদের নামে গাজীপুরের বিভিন্ন থানায় একাধিক মামলা আছে। রোববার বিকেলে ডাকাতির প্রস্তুতি মামলা করে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে ২৪ ঘণ্টায় গাজীপুর মহানগরের বিভিন্ন থানা-পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২৫০টি ইয়াবা বড়ি, ৬০০ গ্রাম গাঁজাসহ নয়জনকে গ্রেপ্তার করেছে। একই সময় পরোয়ানাভুক্ত আরও নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।