ট্রেনের ধাক্কায় সবেক পুলিশ কনস্টেবলের মৃত্যু, স্ত্রী হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রেন দুর্ঘটনা
প্রতীকী

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাবেক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় তাঁর স্ত্রীকে উদ্ধার করে নেওয়া হয়েছে হাসপাতালে। আজ সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার জাকেরগঞ্জ এলাকায় পার্বতীপুর-সৈয়দপুর রেলপথে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া যুবকের নাম হৃদয় শাহ (২৮)। তিনি নীলফামারী সদর উপজেলার ঘাটেরপাড় গ্রামের মোকছেদুল হকের ছেলে। পার্বতীপুর মডেল থানায় সর্বশেষ তিনি কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। বছরখানেক আগে ডোপ টেস্টে তিনি চাকরি হারান।

রহিম শেখ নামের এক প্রত্যক্ষদর্শী ও সৈয়দপুর রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, স্ত্রী রওনক জাহানকে (২৬) নিয়ে হৃদয় শাহ মোটরসাইকেলে করে জাকেরগঞ্জ এলাকায় রেললাইন অতিক্রম করছিলেন। এ সময় পার্বতীপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস নামে ট্রেনটি তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী হৃদয় মারা যান। তাঁর স্ত্রী রওনককে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সৈয়দপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. শাওন বলেন, নিহত হৃদয় শাহের লাশ থানায় আনা হয়েছে। এ নিয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।