খুলনায় দুর্বৃত্তের অ্যাসিডে ঝলসে গেছে গৃহবধূর শরীর

অপরাধ
প্রতীকী ছবি

খুলনার কয়রায় দুর্বৃত্তের ছোড়া অ্যাসিডে রাবেয়া খাতুন (৪৬) নামের এক গৃহবধূর শরীর ঝলসে গেছে। গতকাল শনিবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের কালিকাপুর চৌরাস্তার মোড়–সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। রাতেই ওই গৃহবধূকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাবেয়া খাতুন ওই এলাকার রেজাউল করিম সানার স্ত্রী। স্বজনদের দাবি, প্রতিবেশীদের সঙ্গে পূর্বের বিরোধের জেরে অ্যাসিড দিয়ে ওই গৃহবধূর মুখ ও শরীর ঝলসে দেওয়া হয়েছে।

দগ্ধ গৃহবধূ রাবেয়া খাতুনের স্বামী রেজাউল অভিযোগ, ‘বেশ কিছু দিন আগের একটি মারামারির ঘটনায় প্রতিবেশী জাহাঙ্গীর সানাদের সঙ্গে আমাদের বিরোধ চলছিল। গতকাল সন্ধ্যায়ও তাদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। রাতে আমার স্ত্রী পাশের চৌরাস্তার মোড়ের দোকান থেকে পান কিনে বাড়ি ফিরছিলেন।

পথে প্রতিবেশী জাহাঙ্গীর সানাদের বাড়ির সামনে পৌঁছালে প্রতিপক্ষের লোকজন রাবেয়াকে লক্ষ্য করে অ্যাসিড নিক্ষেপ করে। এ সময় রাবেয়া রাস্তায় পড়ে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।’ তিনি এই ঘটনার সঠিক বিচার দাবি করেন।

পূর্ব শত্রুতার জের ধরে অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে ওই এলাকার স্থানীয় ইউপি সদস্য মো. ফেরদৌস হোসেন বলেন।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএমএস দোহা বলেন, অ্যাসিড নিক্ষেপের খবর শুনে তিনি হাসপাতালে গিয়ে গৃহবধূর অবস্থা দেখেছেন। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।