হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ জন জামিন পেলেন

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার পর দলের নেতা সারজিস আলম শহরের সোনালী ব্যাংকের ভেতরে অবরুদ্ধ বাইরে পুলিশের তৎপরতা। ২৮ জুলাই সন্ধ্যায়প্রথম আলোর ফাইল ছবি

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় জামিন পেয়েছেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদসহ ১১ জন। আজ রোববার দুপুরে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাঁদের জামিন মঞ্জুর করেন।

গত ২৮ জুলাই বিকেলে হবিগঞ্জ শহরের টাউনহলের সামনে সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলমসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে তাঁদের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করা হয়।

এ ঘটনায় ২৯ জুলাই রাতে হবিগঞ্জ জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তন্ময় তাহের বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা করেন। এতে জেলা ছাত্রদলের সভাপতি রাজিব আহমেদসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করা হয়। মামলায় প্রাণনাশের উদ্দেশ্যে মারধর করে গুরুতর জখম, চুরি ও ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়।

এ মামলায় আজ দুপুরে আদালতে হাজির হয়ে জামিন চান ছাত্রদলের ১১ জন নেতা–কর্মী। শুনানি শেষে বিচারক তাঁদের জামিন মঞ্জুর করেন।  

জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ ছাড়াও জামিন পাওয়া অন্য আসামিরা হলেন বৃন্দাবন সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান, সহসাংগঠনিক সম্পাদক আসিফুল ইসলাম, পৌর ছাত্রদল নেতা মুজাক্কির হোসেন, ছাত্রদল নেতা এম এইচ শিমুল, আল সাইমন, মাহফুজ চৌধুরী, ইশতিয়াক রহমান, শেখ সাব্বির, নাজমূল হোসেন ও রক্সি ইসলাম।

আসামিপক্ষের আইনজীবী কুতুব উদ্দিন প্রথম আলোকে বলেন, আদালত মামলার আরজি পর্যালোচনা করে দেখেছেন, ঘটনার সময় ও বিবরণে নানা অসংগতি আছে। এ কারণে সার্বিক বিষয় বিবেচনা নিয়ে জামিন মঞ্জুর করেন।’

আরও পড়ুন

এদিকে ওই ঘটনায় এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা, হামলা, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলাটি করেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুকন।

মামলায় ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, ২৮ জুলাই বিকেলে হবিগঞ্জ পৌরসভার কোর্ট মসজিদ এলাকায় এনসিপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দেশি অস্ত্র নিয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন