চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের জেনারেটর বিকল, ভোগান্তি
চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের প্রধান জেনারেটর চার দিন ধরে বিকল। এ সমস্যার পাশাপাশি সারা জেলায় চলছে ব্যাপক লোডশেডিং। এতে দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় হাসপাতালের রোগী ও তাঁদের স্বজন, চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা দুর্ভোগ পোহাচ্ছেন।
গতকাল বুধবার সন্ধ্যা ছয়টায় সরেজমিনে দেখা যায়, হাসপাতালের পুরোনো ভবনের ডায়রিয়া ওয়ার্ডের বাইরে বারান্দায় ঠাঁই হয়েছে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের পারকৃষ্ণগোবিন্দপুর গ্রামের ওমর আলীর (৭০)। তাঁকে পাখা দিয়ে বাতাস করছেন ছেলে মো. জাহাঙ্গীর বাদশা (৩৫)। তিনি প্রথম আলোকে বুধবার সন্ধ্যা ছয়টার দিকে বলেন, ‘দুই দিন ধরে বৃদ্ধ বাবাকে নিয়ে হাসপাতালে আছি। এক ঘণ্টা থেকে বিদ্যুৎ গেছে। গরমে খুব কষ্ট হচ্ছে। বেশি কষ্ট হয়েছে রাতের বেলায়। বিদ্যুৎ না থাকার সময় মশার যন্ত্রণায় ঘুম হয় না। পাখার বাতাস করতে করতে হাত ব্যথা হয়ে গেছে।’
ডায়রিয়া ওয়ার্ডের বারান্দায় শয্যা পেতে চিকিৎসা নিচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বটতলাহাট মহল্লার গোলাম মোস্তফা (৫৮)। তাঁর মেয়ে সারমিন খাতুন বলেন, এক ঘণ্টা আগে বিদ্যুৎ গেছে। গরমে খুব কষ্ট হচ্ছে বাবার।
শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, ভ্যাপসা গরমে ৯ মাসের শিশুকে কোলে নিয়ে মা শেরিনা বেগম অস্থির সময় কাটাচ্ছেন। তিনি বলেন, ‘ছ্যালা হামার (আমার ছেলে) গরমে হাঁসফাঁস করছে। পাখা কিনতে পাঠালছি (পাঠিয়েছি)।’ শেরিনা বেগমের বাড়ি সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের নবাবজাইগির গ্রামে।
ওই ওয়ার্ডের একজন জ্যেষ্ঠ নার্স বলেন, ‘তিন-চার দিন থেকে বিদ্যুতের অবস্থা খুব খারাপ। শিশুদের কষ্ট হয় বেশি। আমরাও কষ্টে আছি।’
হাসপাতালের নতুন ভবনে গিয়ে দেখা যায়, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটী ফতেপুর মহল্লার হাসিনা বেগম (৫০) তাঁর মা হামেদা বেগমকে নিয়ে দাঁড়িয়ে আছেন লিফটের দরজার সামনে। কিন্তু বিদ্যুৎ নেই। তিনি বলেন, ‘মায়ের হৃদ্রোগ। একটি ক্লিনিকে নিয়ে গিয়েছিলাম। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে মাকে হাসপাতালে ভর্তি করেছি। উঠতে হবে পঞ্চম তলায়। এখন বিদ্যুৎ না থাকায় অসুস্থ মাকে নিয়ে কীভাবে যে উঠব, ভেবে পাচ্ছি না।’
পঞ্চম তলার মহিলা ওয়ার্ডের একজন জ্যেষ্ঠ নার্স বলেন, বিদ্যুৎ না থাকার কষ্ট তো আছেই। কিন্তু যখন নেবুলাইজার মেশিনের মাধ্যমে গ্যাস দেওয়ার প্রয়োজন পড়ে, তখন সমস্যায় পড়তে হয় বেশি। কেননা বিদ্যুৎ ছাড়া নেবুলাইজার মেশিন চালানো যায় না। ওই সময় রোগীর কষ্টের সীমা থাকে না।
ষষ্ঠ তলায় অর্থোপেডিক ওয়ার্ডে গিয়ে দেখা যায়, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুর মিয়াপাড়া মহল্লার গৃহবধূ খাদিজা বেগম স্বামী আসগার আলীকে (৩০) হাতপাখার বাতাস করছেন। তিনি বলেন, ‘১৫ দিন থেকে আছি। চার-পাঁচ দিন থেকে অবস্থা খুব খারাপ। সারা দিনে পাঁচ থেকে সাতবার বিদ্যুৎ যায়। কখনো কখনো এক ঘণ্টার বেশি সময় পরে বিদ্যুৎ আসে। রাতে মশার কামড় খেতে হয়।’
একই ওয়ার্ডে ভর্তি সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ভাগ্যপুর গ্রামের গোলাম রাব্বানী (৫০)। তিনি ভর্তি আছেন আট দিন ধরে। খাদিজার মতো একই মন্তব্য করেন তিনি।
ঘন ঘন লোডশেডিংয়ে হাসপাতালের রোগী, চিকিৎসক ও নার্স—সবাই চরম দুর্ভোগের মধ্যে আছে। জেনারেটরটির ব্যাটারি নষ্ট হয়ে গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
গাইনি ওয়ার্ডে গিয়ে কথা হয় সদর উপজেলার শিমুলতলা গ্রামের ফারহানা নাসরিনের সঙ্গে। তিনি বলেন, তাঁর ভাগনি আমেনা বেগম সন্তান প্রসব করেছেন আজই। বিদ্যুৎ না থাকায় গরমে কষ্ট পাচ্ছে নবজাতকটি।
হাসপাতালের সাততলায় গাইনি ওয়ার্ড। সবচেয়ে কষ্টে আছেন এই ওয়ার্ডের রোগীরা। সোমবার ওই ওয়ার্ডের রোগীদের সমস্যার বিষয়ে স্ত্রীরোগবিশেষজ্ঞ সালমা আক্তার জাহান বলেছিলেন, বিদ্যুৎ না থাকার সময় ভর্তি হতে আসা অন্তঃসত্ত্বা নারীরা কষ্ট হয় সবচেয়ে বেশি। ওই সময় লিফট না চলায় সাততলায় উঠতে কষ্টের সীমা থাকে না রোগী ও তাঁদের স্বজনদের।
চার দিন ধরে হাসপাতালের জেনারেটর অকেজো থাকার কথা স্বীকার করে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ইস্রাফিল ইসলাম বলেন, ‘ঘন ঘন লোডশেডিংয়ে হাসপাতালের রোগী, চিকিৎসক ও নার্স—সবাই চরম দুর্ভোগের মধ্যে আছে। জেনারেটরটির ব্যাটারি নষ্ট হয়ে গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তা ছাড়া হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. মাসুদ পারভেজ ঢাকায় রয়েছেন। জেনারেটর চালুর বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করছেন। আশা করছি, শিগগিরই সমস্যার সমাধান হবে।’
এ ব্যাপারে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী সেলিম রেজা বলেন, হাসপাতালে দুটি ফিডারের লাইন থেকে সংযোগ দেওয়া আছে। কিন্তু যখন বিদ্যুৎ উপকেন্দ্র বন্ধ থাকে, তখন কিছু করার থাকে না। তিনি জানান, এখন চাহিদার ৬৫-৭০ শতাংশ বিদ্যুৎ পাওয়া যাচ্ছে।
হাসপাতালের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে একজন টেকনিশিয়ান বলেন, সারা দিনে গড়ে কমপক্ষে তিন ঘণ্টা বিদ্যুৎ থাকে না। কোনো দিন কম, কোনো দিন বেশি। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি বলেন, আজ সকাল নয়টার দিকে বিদ্যুৎ চলে যায়। এরপর দুপুরের দিকে একবার বিদ্যুৎ এসে দু-তিন মিনিট থাকার পর আবার চলে যায়। এরপর রাত রাত সাড়ে ৭টা পর্যন্ত বিদ্যুৎ আসেনি।