হামজার বাড়ি যেন ‘মিনি স্টেডিয়াম’, উঠানে খেলা দেখছেন গ্রামবাসী

হামজার গ্রামের বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাটে বড় পর্দায় খেলা দেখছেন তাঁর পরিবারের সদস্যরা। শনিবার রাত ৯টায়ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালের খেলা দেখতে হবিগঞ্জের বাহুবলে হামজা চৌধুরীর গ্রামের বাড়িতে আজ শনিবার বিকেল থেকে ভিড় করেন শত শত মানুষ। বাড়ির আঙিনায় বড় পর্দায় খেলা দেখছেন গ্রামের মানুষ।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক হামজা চৌধুরীর গ্রামের বাড়ি বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে। এ গ্রামের বাসিন্দা দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরী ও রাফিয়া চৌধুরী সন্তান তিনি। হামজা দেশের জার্সিতে কোনো ম্যাচে থাকলেই স্নানঘাটে উৎসব লেগে যায়।

খেলা দেখার জন্য টিকিট পেয়েছিলাম। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে যেতে পারিনি। তাই বাড়িতেই বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেছি। পরিবারের সদস্যদের পাশাপাশি গ্রামের লোকজনও একসঙ্গে খেলা দেখছেন।
দেওয়ান মুর্শেদ চৌধুরী, হামজা চৌধুরীর বাবা
হামজা চৌধুরীর গ্রামের বাড়ির উঠানে বড় পর্দায় খেলা দেখতে বিকেল থেকেই শত শত মানুষ জড়ো হয়
ছবি: প্রথম আলো

মাঠে হামজার প্রতিটি স্পর্শ, আক্রমণ দর্শকদের মধ্যে উচ্ছ্বাস তৈরি করছে। বাড়িটি পরিণত হয়েছে মিনি স্টেডিয়ামে।

হামজার বাবা দেওয়ান মুর্শেদ চৌধুরী বলেন, ‘খেলা দেখার জন্য টিকিট পেয়েছিলাম। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে যেতে পারিনি। তাই বাড়িতেই বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেছি। পরিবারের সদস্যদের পাশাপাশি গ্রামের লোকজনও একসঙ্গে খেলা দেখছেন।’

ঢাকার জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালের প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য। গ্রামবাসীর প্রত্যাশা, ম্যাচের দ্বিতীয়ার্ধে বাংলাদেশ ভালো করবে এবং জয় পাবে।

বাড়ির উঠানে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করেছেন হামজার বাবা
ছবি: প্রথম আলো

গ্রামের বাসিন্দা আবদুল করিম বলেন, ‘হামজা আমাদের গ্রামের গর্ব। দেশের হয়ে সে খেলছে, এটা আমাদের জন্য অনেক আনন্দের। হামজার বাড়িতেই এখন সবাই মিলে তাঁর খেলা দেখছি।’

গ্রামের আরেক বাসিন্দা সফিক মিয়া বলেন, ‘মনে হচ্ছে, আমরা সবাই যেন স্টেডিয়ামেই বসে আছি।’

গ্রামের এক তরুণ জসিম চৌধুরী বলেন, ‘হামজার জন্য গ্রামের সবাই গর্বিত। আমরা চাই, আজ পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ জিতুক।’