রাজবাড়ী সদরে সড়ক সংস্কার
কাজ বন্ধ, ধুলায় ভোগান্তি
গত এক বছর কাজই করেননি ঠিকাদার। আবার মেয়াদ বাড়ানোর আবেদন করেছেন। ধুলার ভোগান্তি সহ্য করে চলাচল কঠিন হয়ে পড়েছে।
রাজবাড়ী সদর উপজেলার পুলিশ লাইনস-কোলার হাট সড়কটি এখন এক ভোগান্তির নাম স্থানীয় লোকজনের কাছে। সড়কজুড়ে এখন ধুলার রাজত্ব। পাকা সড়কটি সংস্কার ও প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে আড়াই বছর আগে। দরপত্রের চুক্তি অনুযায়ী, এক বছর আগেই সড়কটির কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল। এরপর দুই দফায় মেয়াদ বাড়িয়ে সেই সময়সীমার মধ্যেও কাজ শেষ হয়নি।
ঠিকাদারের গাফিলতি আর অবহেলার কারণে কাজ তো এগোচ্ছেই না, উল্টো গত এক বছর কাজই করেননি ঠিকাদার। ঠিকাদার আবার কাজের মেয়াদ বাড়ানোর আবেদন করেছেন। তবে এলাকাবাসীর জন্য ধুলার ভোগান্তি সহ্য করে চলাচল কঠিন হয়ে পড়েছে।
ঠিকাদারকে বিল দেওয়া হচ্ছে না, এটা সঠিক নয়। যতটুকু কাজ শেষ করেছেন, আমরা তাঁকে সেই বিল দিয়েছি। পুরো কাজ সম্পন্ন হলে পুরো বিল পেয়ে যাবেন।
এর আগে ২০২১ সালে রাস্তার কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে নির্মাণকাজ বন্ধ করে দিয়েছিলেন এলাকাবাসী। এ বিষয়ে প্রথম আলোতে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, রাজবাড়ী পৌর শহরের পুলিশ লাইনস থেকে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের কোলারহাট পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য ১২ দশমিক ৩১ কিলোমিটার। এ সড়ক সংস্কার ও প্রশস্ত করা হচ্ছে ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায়। মাদারীপুর শহরের নতুন বটতলা এলাকার ঠিকাদারি প্রতিষ্ঠান হামীম অ্যান্ড মিজান (জেভি) ২০ কোটি ৭ লাখ ৭৩২ টাকা চুক্তিমূল্যে কাজটি পেয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আবদুল ওহাব পুরো কাজটি না করে অর্ধেকের বেশি অংশ স্থানীয় ঠিকাদার দীপক কুমার সেনের কাছে বিক্রি করে দিয়েছেন। আবদুল ওহাব ও দীপক কুমার সেন এখন যৌথভাবে এ কাজ করছেন।
নতুনবাজার থেকে পশ্চিম মূলঘর পর্যন্ত ৭ কিলোমিটার অংশের কাজ করছেন দীপক কুমার সেন। সেখান থেকে কোলারহাট পর্যন্ত কাজ করছেন মূল ঠিকাদার আবদুল ওহাব। ২০২০ সালের ২৮ আগস্ট কার্যাদেশ দেওয়া হয়। রাস্তাটি উভয় পাশে ৩ ফুট করে মোট ৬ ফুট চওড়া করা হবে। ২০২২ সালের ২৯ ফেব্রুয়ারির মধ্যে কাজ সম্পন্ন করার কথা ছিল। নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন না হওয়ায় প্রথম দফায় গত বছরের জুন মাস পর্যন্ত কাজের মেয়াদ বাড়ানো হয়। পরে আরেক দফায় ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে। এরপরও কাজ সম্পন্ন না হওয়ায় চলতি বছরের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়েছে।
৭ ফেব্রুয়ারি সরেজমিনে দেখা যায়, নতুনবাজার থেকে রামকান্তপুর পর্যন্ত বিভিন্ন স্থান খুঁড়ে রাখা হয়েছে। রামকান্তপুর স্কুল থেকে মনসার বটতলা পর্যন্ত পাকা করা হয়েছে। মনসার বটতলা থেকে বারবাকপুর পর্যন্ত রাস্তায় খোয়া বিছিয়ে রাখা হয়েছে। ট্রাকসহ ভারী, দ্রুতগতির যানবাহন এলেই ধুলায় পুরো এলাকা ছেয়ে যাচ্ছে। আশপাশের গাছগুলোর পাতার ওপর ধুলার পুরো আস্তরণ পড়ে রং বোঝা যাচ্ছে না।
মনসার বটতলা এলাকায় দেবজ্যোতি নাগ নামের এক মোটরসাইকেল আরোহী বলেন, ‘অনেক দিন আগে এই রাস্তা দিয়ে এসে বিপাকে পড়েছিলাম। এ কারণে সাত-আট মাস এই রাস্তা দিয়ে যাতায়াত করি না। ভেবেছিলাম, রাস্তার কাজ সম্পন্ন হয়ে গেছে। অনেক দিন পর আজ এসে আবার বিপদে পড়েছি। গায়ের পোশাক কয়বার ধুতে হবে, তা জানি না।’
ইজিবাইকের যাত্রী সুবর্ণা রানী দাশ বলেন, ‘আমরা এই এলাকার বাসিন্দা। অন্যরা বিকল্প রাস্তা ব্যবহার করতে পারেন। কিন্তু আমাদের সেই উপায় নেই। রাস্তার কাজ শেষ না করায় আমাদের ভোগান্তির সীমা নেই। বাড়িতে খাবারদাবারে ধুলাবালু পড়ে। বিছানাপত্র, বাড়ির আসবাব সব ধুলায় নষ্ট হয়ে যাচ্ছে। অনেকের শ্বাসকষ্ট হচ্ছে।’
এ ব্যাপারে জানতে চাইলে ঠিকাদার আবদুল ওহাব বলেন, ‘ফান্ড নেই। কাজ বন্ধ করে দিয়েছি। প্রায় বছরখানেক কাজ বন্ধ রয়েছে। ফান্ড না এলে আমরা কাজ করে মরব নাকি! ৭৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। বিল পেয়েছি ৪০ শতাংশ কাজের। আমরা টাকা না পেলে কাজ করব না। সরকার পরিবর্তন হলে কাজ যদি বাতিল করে দেয়। এমনিতেই লসে আছি। আবার বিল পাচ্ছি না।’
আরেক ঠিকাদার দীপক কুমার সেন বলেন, ‘আমাদের এক কোটি টাকার বিল বাকি আছে। আমার অংশের কাজ তিন থেকে চার মাস বন্ধ আছে। বিটুমিন না পাওয়ায় কাজ করা যাচ্ছে না।’
এ বিষয়ে এলজিইডির রাজবাড়ী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী ইউসুফ হোসেন বলেন, ‘কাজ বন্ধ থাকায় স্থানীয় ব্যক্তিদের ভোগান্তি পোহাতে হচ্ছে। ঠিকাদারকে বিল দেওয়া হচ্ছে না, এটা সঠিক নয়। যতটুকু কাজ শেষ করেছেন, আমরা তাঁকে সেই বিল দিয়েছি। পুরো কাজ সম্পন্ন হলে পুরো বিল পেয়ে যাবেন। তাঁর হয়তোবা অন্য আরও কয়েকটি কাজ আছে। ঠিকাদারকে তাগাদা দেওয়া হয়েছে।’