ঈদের বাজার
হস্তশিল্পপণ্যের ব্যবসায় চরম মন্দা
জামালপুর সদরের কারখানাগুলোতে তিন মাস আগে থেকে পোশাক তৈরির কাজ চলছে। প্রায় ২০ হাজার কারিগর কাজ করেন এসব ছোট–বড় কারখানায়।
জামালপুর সদর উপজেলা বিখ্যাত হস্তশিল্পপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের জন্য। প্রতিবছর ঈদকে ঘিরে এসব পণ্যের চাহিদা বেড়ে যায় দ্বিগুণ। কিন্তু এবার পবিত্র রমজান মাসের প্রায় অর্ধেকটা সময় পেরিয়ে গেলেও বেচাকেনা জমে ওঠেনি। এ অবস্থায় ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলো আর্থিকভাবে লোকসানের আশঙ্কায় আছে।
গত বুধবার সরেজমিনে দেখা যায়, শহরের ঢাকাই পট্টি, বকুলতলা ও দেওয়ানপাড়া এলাকায় হস্তশিল্পের অর্ধশত কারখানা ও দোকান গড়ে উঠেছে। ঢাকাই পট্টি এলাকায় আছে দীপ্ত কুটির হস্তশিল্পের কারখানা। কারখানার সামনের শোরুমে তাকে তাকে সাজানো নানা নকশার পোশাক। কিন্তু ক্রেতা নেই। তার পাশেই কারুকা, সুমাইয়া, মীম, রেখা, জীবিকা, রিক্তা ও মুম হস্তশিল্পের শোরুমগুলো ক্রেতাশূন্য। থ্রি-পিস ছাড়াও এসব দোকানে পাওয়া যাচ্ছে নকশিকাঁথা, বিছানার চাদর, শাড়ি, পাঞ্জাবি। মালিক ও কর্মচারীরা অলস সময় পার করছেন। হঠাৎ দু-একজন ক্রেতা আসছেন। বেচাকেনা আরও কম। ক্রেতা না থাকায় এই এলাকায় আগের মতো নেই কর্মব্যস্ততা।
এসব দোকানে থ্রি-পিস ১ হাজার ২০০ থেকে ৩ হাজার টাকা, পাঞ্জাবি ৫০০ থেকে ৬ হাজার টাকা, ফতুয়া ৫০০ থেকে ১ হাজার, টি-শাট ৫০০ থেকে ৮০০ টাকা, সালোয়ার-কামিজ ১ হাজার থেকে ৩ হাজার ও ওড়না ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
সুমাইয়া হস্তশিল্পের মালিক আসমা খন্দকার বলেন, ‘প্রত্যেক ঈদেই ভালো বেচাবিক্রি হয়ে থাকে। ভালো লাভও হয়। তাই এবারও ধারদেনা করে প্রায় পাঁচ লাখ টাকার হস্তশিল্পের নানা নকশার পোশাক শোরুমে তুলেছি। অর্ধেক রমজান চলে যাচ্ছে। বেচাবিক্রি নেই। সারা দিনে ৩ হাজার থেকে ৪ হাজার টাকা বিক্রি হচ্ছে। যেখানে আগের রমজানে প্রতিদিন ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা বিক্রি হতো। ক্রেতা নেই বললেই চলে। বেশির ভাগ শোরুমের একই অবস্থা। শেষ পর্যন্ত এমন অবস্থা থাকলে এবার সবাই লোকসানের মুখে পড়ব।’
সদর উপজেলার পৌর শহরের নয়াপাড়া, কাছারিপাড়া, ফুলবাড়িয়া, জিগাতলা, দক্ষিণ কাছারিপাড়া, পশ্চিম কাছারিপাড়া, বনপাড়া, কলেজ রোড এলাকা, দাপুনিয়া, সরদারপাড়া, নাসিরপুর, চন্দ্রা, বজ্রাপুর, ডাকপাড়া, মুকন্দবাড়ী এলাকায় হস্তশিল্পের কারখানা ও দোকান গড়ে উঠেছে। খোঁজ নিয়ে জানা গেছে, এসব দোকানের কারিগর ও ব্যবসায়ীরাও অলস সময় পার করছেন।
জামালপুর নকশি বাংলা অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, সদর উপজেলায় শতাধিক হস্তশিল্পপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও দোকান রয়েছে। এসব দোকানে পাইকারি ও খুচরা বিক্রি হয়। ঈদ সামনে রেখে এসব কারখানায় তিন মাস আগে থেকেই পোশাক তৈরি চলছে। এসব কারখানায় প্রায় ২০ হাজার কারিগর কাজ করেন। তাঁদের বেশির ভাগই নারী। কারিগরেরা কারখানা ও নিজের বাড়িতে থেকেও কাজ করেছেন। সাধারণত ঈদে পাইকারি ও খুচরা মিলে দু–তিন কোটি টাকার বেশি বিক্রি হয়ে থাকে। এবার বেচাকেনা ভালো নয়।
কয়েকজন ব্যবসায়ী জানান, দুই দশকের ঐতিহ্যবাহী ক্রেতানন্দিত এ হস্তশিল্প দেশের সীমানা পেরিয়ে ভারত, নেপাল, সুইডেন, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। প্রতি ঈদে এসব দেশ থেকে ক্রেতারা পণ্য কিনে নেন। এবার বিদেশি একজন ক্রেতাও পাওয়া যায়নি।
দীপ্ত কুটির হস্তশিল্পের মালিক ও জামালপুর নকশি বাংলা অ্যাসোসিয়েশনের সহসভাপতি দেলোয়ারা বেগম বলেন, ‘ঈদের ব্যবসা করার জন্য ২৫ লাখ টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছি। সব মিলিয়ে প্রায় ৭০ লাখ টাকার পণ্য তৈরি করেছি। রমজানের আগে থেকেই পাইকারি বিক্রি শুরু হয়। এবার পাইকারি ও খুচরায় কোনো বিক্রি নেই। দেশের বিভিন্ন স্থান থেকে পাইকারেরা আসত পণ্য কিনতে। এবার কোনো পাইকার আসেনি। আগে প্রতিদিন খুচরাই বিক্রি করতাম লক্ষাধিক টাকার। অথচ এবার এই সময়ে পাঁচ হাজার থেকে সাত হাজার টাকা বিক্রি হচ্ছে।’
জামালপুর নকশি বাংলা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহিনুর আলম বলেন, তবে আগামী সপ্তাহ থেকে বিক্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আগের মতো আর হবে না। ফলে এবার ছোট-বড় অনেক ব্যবসায়ী আর্থিক ক্ষতির মুখে পড়বেন। কারণ, ঈদের জন্য তিন মাস আগেই থেকে পণ্য করা হয়ে গেছে।