পাওনা টাকা চাওয়ায় কৃষক দলের নেতাকে ট্রাকচাপায় হত্যার অভিযোগ
চট্টগ্রামের হাটহাজারীতে ‘পাওনা টাকা’ চাওয়ার জেরে কৃষক দলের এক নেতাকে ট্রাকচাপায় হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজার এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মোহাম্মদ ফয়সাল (৩৪)। তিনি একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মৃত আবদুল মালেকর ছেলে। এ ছাড়া তিনি উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন। এ ঘটনায় আজ সকালে হাটহাজারী থানায় একটি হত্যা মামলা হয়েছে। এতে পাওনা টাকার জন্য হত্যার অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানায়, নিহত ফয়সাল তাঁর প্রতিবেশী ট্রাকচালক মোহাম্মদ জুয়েলের কাছে প্রায় ৩৫ হাজার টাকা পেতেন। পাওনা টাকা নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল রাতে পাওনা টাকা চাইলে ফয়সালকে সড়কে আসতে বলেন জুয়েল। পরে জুয়েল তাঁকে ট্রাকচাপা দেন। এতে ফয়সাল গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, নিহত ফয়সাল হাটহাজারী উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক। প্রায় এক বছর আগে ফয়সালের কাছ থেকে ট্রাকচালক জুয়েল এক লাখ টাকা ঋণ নিয়েছিলেন। এরপর ৬৫ হাজার টাকা ফেরত দেন। তবে বাকি ৩৫ হাজার টাকা শোধ করেননি তিনি। গতকাল রাতে বাকি টাকা ফেরত চাওয়ায় জুয়েল তাঁকে ঘটনাস্থলে যেতে বলেন। সেখানে যাওয়ার পর ফয়সালকে ট্রাকচাপা দিয়ে পালিয়ে যান জুয়েল।
এ ঘটনায় আজ সকালে নিহত ফয়সালের মা পারভিন আক্তার বাদী হয়ে হাটহাজারী থানায় মামলা করেছেন। এতে ট্রাকচালক জুয়েলকে আসামি করা হয়েছে। অভিযুক্ত জুয়েল পলাতক থাকায় অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
জানতে চাইলে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ঘটনার পর ট্রাকটি পুলিশ জব্দ করলেও চালক জুয়েল পলাতক রয়েছেন। নিহত ফয়সালের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’