পূর্বধলায় ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

নেত্রকোনার পূর্বধলায় ট্রাকচাপায় ইজিবাইকে থাকা দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হন। গতকাল সোমবার সকাল ১০টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের মহিষবেড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা  হলেন পূর্বধলার শালদীঘা গ্রামের সুরুজ আলী (৬৫) ও গৌরাকান্দা গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে শাহজাহান মিয়া (২২)।

এলাকার কয়েক বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকালে পূর্বধলার চৌরাস্তা থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক শ্যামগঞ্জের দিকে যাচ্ছিল। শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের মহিষবেড় এলাকায় পৌঁছালে দুর্গাপুরের সোমেশ্বরী নদী থেকে বালু নিতে আসা একটি ট্রাক ওই ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের যাত্রী সুরুজ আলী মারা যান।

পরে স্থানীয় লোকজন আহত অপর তিন ইজিবাইকযাত্রীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক শাহজাহান মিয়াকে মৃত ঘোষণা করেন। আর অপর দুজনকে ওই হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন সড়ক অবরোধ করে আন্দোলন করেন। এ সময় সড়কে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে শান্ত করে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুই যাত্রীকে উদ্ধার করে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় একটি মামলা হয়েছে। ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।