শ্বশুরের শখ পূরণে ঘোড়ার গাড়িতে চড়ে এলেন বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘোড়ার গাড়িতে চেপে কণের বাড়িতে বর। মঙ্গলবার বিকেলে নাটোরের সিংড়া শহরের সরকারপাড়া মহল্লায়
ছবি: প্রথম আলো

মেয়ের বিয়েতে বর ঘোড়ার গাড়িতে চড়ে আসবেন—এ শখ কনের বাবার। তাঁর এ শখ পূরণ করতে ঘোড়ার গাড়ি সাজিয়ে তাতে চেপে বসেন বর মো. রানা। এভাবে তিনি আজ মঙ্গলবার সন্ধ্যায় নাটোরের সিংড়া উপজেলা সদরে শ্বশুরবাড়িতে বরযাত্রায় যান।

পেশায় ব্যবসায়ী মো. রানা সিংড়া শহরের শোলাকুড়া মহল্লার মকছেদুল সওদাগরের ছেলে। কনে মুনছুরাইয়া একই শহরের সরকারপাড়া মহল্লার আবদুল মান্নাফ সওদাগরের মেয়ে। দুই বাড়ির দূরত্ব মাত্র এক কিলোমিটার।

তাঁরা ব্যক্তিগত গাড়ির বহর নিয়ে বরযাত্রায় যেতে চেয়েছিলেন বলে জানিয়েছেন মো. রানা। তিনি প্রথম আলোকে বলেন, সম্প্রতি দুই পরিবারের মধ্যে বিয়ের কথাবার্তা চূড়ান্ত হয়। তখন তাঁর শ্বশুর আবদুল মান্নাফ সওদাগর জানান, তাঁর মেয়ের বিয়েতে বর ঘোড়ার গাড়িতে চেপে আসবেন—এটা তাঁর দীর্ঘদিনের শখ। এটা শোনার পর শ্বশুরের শখ পূরণে রাজি হয়ে যান রানা। কিন্তু সিংড়া শহরে ঘোড়ার গাড়ি না থাকায় বিপত্তি বাধে। এরপর নাটোর থেকে ঘোড়ার গাড়ি ভাড়া করে নতুন রঙে রাঙানো হয়। কাগজের মালা দিয়ে সাজানো হয় ঘোড়াকে। এরপর বিয়ের সাজে সেজে বরযাত্রায় রওনা হন রানা।

এ দৃশ্য দেখতে রাস্তার দুই ধারে দর্শনার্থীর ভিড় জমে। মাত্র ১০ মিনিটের মাথায় বর নিয়ে ঘোড়ার গাড়ি পৌঁছে যায় কনের বাড়িতে। এ সময় কনের বাবা এসে বরকে অভ্যর্থনা জানান। ঘোড়ার গাড়ির চালককে বকশিশও দিয়েছেন তিনি।

বরের বন্ধু বরযাত্রী আল আমিন প্রথম আলোকে বলেন, ঘোড়ার গাড়িতে বরযাত্রা এখন আর দেখা যায় না। এ বিয়েতে বর ঘোড়ার গাড়িতে চেপে যাবেন জেনে তিনি আগ্রহ নিয়ে বরযাত্রী হয়েছেন।

গ্রামীণ ঐতিহ্য ফিরিয়ে আনতে শ্বশুরের প্রস্তাবে রাজি হয়েছেন জানিয়ে বর মো. রানা বলেন, খোলা ঘোড়ার গাড়িতে বরযাত্রায় এসে তাঁর বেশ ভালো লেগেছে।

কনের বাবা আবদুল মান্নাফ সওদাগর বলেন, ‘আমি ও আমার বাবা ঘোড়ার গাড়িতে করে বরযাত্রায় গিয়েছিলাম। এখন আর ঘোড়ার গাড়ি চোখে পড়ে না। তাই আমি জামাইকে ঘোড়ার গাড়িতে বরযাত্রার অনুরোধ করেছিলাম। জামাই সে অনুরোধ রাখায় আমি খুব খুশি।’