তুচ্ছ ঘটনা থেকে ছাত্রী হলে বিরোধে দুই পক্ষ, এখন মুখোমুখি দুই বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই ঘণ্টা অবরুদ্ধ থাকার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র উপদেষ্টাকে হল থেকে বের করে আনে। বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে
ছবি: প্রথম আলো

এক ছাত্রীর গরম করা পানি অন্য ছাত্রীর ব্যবহার করা নিয়ে ঘটনার সূত্রপাত। সেই তুচ্ছ ঘটনা নিয়ে বিভক্ত হয়ে পড়েন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের শিক্ষার্থীরা। পাল্টাপাল্টি অভিযোগ জমা পড়ে হল প্রাধ্যক্ষের দপ্তরে। সেখানে সমাধানের জন্য সভায় বসে এক ছাত্রী অসুস্থ হয় পড়লে বড় আকার ধারণ করে ঘটনা। এর সমাধান করতে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা। এখন মুখোমুখি অবস্থানে দুই বিভাগের শিক্ষার্থীরা।

ঘটনাটি নিয়ে আজ বৃহস্পতিবার আবারও সভায় বসছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেখানে ওই হলের বিষয়গুলো উপাচার্যকে জানানো হবে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. সুলতান-উল-ইসলাম।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার সূত্রপাত হয়েছিল গত ২০ ফেব্রুয়ারি। সমাজকর্ম বিভাগের সুমাইয়া সুলতানা (২০২০-২১ শিক্ষাবর্ষ) নামের এক ছাত্রী ওই দিন সন্ধ্যায় পানি গরম করছিলেন। সেই পানি সংগীত বিভাগের নুরুন্নাহার দোলন (২০১৭-১৮ শিক্ষাবর্ষ) নামের আরেক শিক্ষার্থী নিয়ে যান। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। বিষয়টি রাতেই হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্মৃতি বালাকে জানান দোলন। এর পরিপ্রেক্ষিতে সুমাইয়াকে ডেকে পাঠান স্মৃতি বালা। কিন্তু সুমাইয়া সাড়া দেননি। পরদিন দোলন হল প্রাধ্যক্ষের কাছে অভিযোগ দেন। হল প্রাধ্যক্ষ সুমাইয়াকে হলের অন্য ব্লকে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন। সুমাইয়া তা মানেননি। এ নিয়ে হলে দুটি পক্ষ তৈরি হয়।

আরও পড়ুন

এ পরিস্থিতিতে গত মঙ্গলবার সকালে প্রাধ্যক্ষের সঙ্গে দুই পক্ষের সভা ডাকা হয়। সকাল ১০টায় প্রাধ্যক্ষ তাঁর কক্ষে শুধু ছাত্রলীগ নেত্রী স্মৃতি বালা, দোলন ও সুমাইয়াকে ডেকে নেন। দুপুর পৌনে ১২টার দিকে অসুস্থ হয়ে পড়েন সুমাইয়া। পরে তাঁকে অ্যাম্বুলেন্সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শ্বাসকষ্টজনিত সমস্যা দেখিয়ে সেখানে ভর্তি করা হয় তাঁকে।

সুমাইয়ার অভিযোগ, তাঁকে নির্যাতনের পাশাপাশি মারধর করা হয়েছে। দোলনসহ ছাত্রলীগ নেত্রীদের দাবি, তাঁকে কোনো নির্যাতন করা হয়নি। সুমাইয়া বড়দের সঙ্গে তুই–তুকারি করেছে।

হলে দুই পক্ষের দ্বন্দ্ব কীভাবে, সে বিষয়ে কয়েক শিক্ষার্থীর সঙ্গে কথা হয়। তাঁরা জানান, হলগুলোতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব বেশির ভাগ সময়ই হয়। সেই দ্বন্দ্ব সমাধানে বিচার যায় হলের সিনিয়রদের কাছে। সেই সিনিয়রদের মধ্যেও ভাগ থাকে। হলগুলোতে ঐতিহ্যগতভাবে ব্লকভিত্তিকও বিচার হয়। বিচারে জুনিয়রকে ক্ষমা চাইতে বলা হয়। অনেক সময় ক্ষমা চেয়েও পার পান না জুনিয়ররা। এ নিয়ে কটাক্ষ চলে বেশ কিছুদিন। বিষয়টি ঘটেছে সুমাইয়ার ক্ষেত্রে। চার মাস আগে হলে আসা সুমাইয়া সেই ধকল নিতে পারেননি। তিনি ঘটনার শুরুর দিন থেকেই ‘প্রতিবাদী’ হয়ে ওঠেন। এটাকে বড়রা আরও বড় করে দেখেন। আবার সুমাইয়ার পাশে দাঁড়ায় আরেকটি পক্ষ।

শিক্ষকের সঙ্গে অসদাচরণের অভিযোগ তুলে ছাত্র উপদেষ্টার অপসারণ চেয়ে বুধবার সন্ধ্যায় প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়েছেন সংগীত বিভাগের শিক্ষার্থীরা
ছবি: প্রথম আলো

শিক্ষার্থীরা জানিয়েছেন, পানি গরম করার ঘটনার জেরে ক্ষমা না চাওয়ায় সুমাইয়াকে হলের ওই ব্লক থেকে সরিয়ে অন্য ব্লকে দেওয়ার জন্য হল প্রশাসনের কাছে আবেদন করেন সিনিয়র শিক্ষার্থীরা। প্রাধ্যক্ষ সেই আবেদনে সাড়া দিলে সুমাইয়ার সঙ্গে অন্যায় হয়েছে দাবি করে আরেকটি পক্ষ গত ২৬ ফেব্রুয়ারি পাল্টা আবেদন করে সুমাইয়াকে ওই ব্লকে রাখার দাবি জানান।

বঙ্গমাতা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ফারজানার কাইয়ূম গত নভেম্বরে দায়িত্ব নিয়েছেন। তিনি এ রকম আরেকটি ঘটনা এর আগে সমাধান করেছেন। সেখানে দ্বন্দ্বটা হয়েছিল দুই রুমমেটের মধ্যে। তিনি প্রথম আলোকে বলেন, হলগুলোতে সিনিয়র-জুনিয়রের মধ্যে একটা বিষয় থাকে। জুনিয়রদের অনেক কথা সিনিয়ররা ধরে ফেলেন। সুমাইয়ার ক্ষেত্রে একটি পক্ষ তাঁকে হলের ওই ব্লকে রাখতে চায়, আরেকটি পক্ষ তাঁকে সরিয়ে দিতে চায়। এ নিয়েই সেদিন সভা হয়েছিল। সুমাইয়াকে কেউ মারধর কিংবা নির্যাতন করেনি। কিন্তু নতুন হলে আসা সুমাইয়া হয়তো সিনিয়রদের সঙ্গে খাপ খাইয়ে চলতে পারেনি। এ কারণে তুচ্ছ একটি ঘটনা অনেক বড় হয়ে গেছে। এই বিষয়গুলো সাধারণ শিক্ষার্থীরা নিজেরাই মিটিয়ে ফেলেন। কিন্তু এটা বড় আকারে ধারণ করেছে। দুই পক্ষ হয়ে গেছে।

যেভাবে অবরুদ্ধ ছাত্র উপদেষ্টা

হলে অসুস্থ হয়ে পড়ার ঘটনায় গত মঙ্গলবার রাতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা দপ্তর। পরের দিন দুপুরে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সুমাইয়া ছাত্র উপদেষ্টার দপ্তরে আসেন। ছাত্র উপদেষ্টা তারেক নুর তাঁকে নিয়ে দুপুরের পর হলে তুলে দিতে যান। হলে গিয়ে তিনি সংগীত বিভাগের শিক্ষার্থী নুরুন্নাহার দোলন ও সুমাইয়াকে ব্লক থেকে আলাদা হতে বলেন। এতে নুরুন্নাহার আপত্তি জানান। ঘটনা জানতে পেরে সংগীত বিভাগের সভাপতি অধ্যাপক শায়লা তাসমিন হলে যান। এ সময় ছাত্র উপদেষ্টা তাঁর সঙ্গে অসদাচরণ করেন বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে সংগীত বিভাগের শিক্ষার্থীরা হল ফটকে তালা লাগিয়ে দেন। এ সময় খবর পেয়ে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীরাও সেখানে জড়ো হন।

আরও পড়ুন

পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তাব্যক্তিদের হস্তক্ষেপে কয়েক ঘণ্টা পর হল থেকে বেরিয়ে আসেন ছাত্র উপদেষ্টা। শিক্ষকের সঙ্গে অসদাচরণের অভিযোগ তুলে ছাত্র উপদেষ্টার অপসারণ চেয়ে সন্ধ্যায় প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন সংগীত বিভাগের শিক্ষার্থীরা। অন্যদিকে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীরা ‘নির্যাতনের’ ঘটনায় বিচার ও হলে ছাত্র উপদেষ্টাকে হেনস্তার প্রতিবাদ জানান। রাত সাড়ে আটটার দিকে প্রশাসন ভবনের সামনে গিয়ে সংগীত বিভাগের সভাপতির সঙ্গে আচরণে অনুতপ্ত হয়ে দুঃখ প্রকাশ করেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক তারেক নূর। তিনি বলেন, সংগীত বিভাগের সভাপতি তাঁর বড় আপা। যে ঘটনা ঘটেছে, তাতে তিনি অনুতপ্ত।