চট্টগ্রাম নগরে গ্যাসের সংকট, বিভিন্ন এলাকায় জ্বলছে না চুলা
চাহিদা অনুযায়ী গ্যাস না পাওয়ায় চট্টগ্রামে দুই দিন ধরে বিভিন্ন এলাকায় সংকট দেখা দিয়েছে। অনেক জায়গায় জ্বলছে না চুলা। এতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি (কেজিডিসিএল) কর্তৃপক্ষ জানায়, গ্যাসের সংকট আরও ১৫ থেকে ২০ দিন চলতে পারে।
গ্যাসের সংকটের কারণে গতকাল শনিবার ও আজ রোববার নগরের অনেক এলাকার মানুষ খাবারের জন্য হোটেলে লাইন দিয়েছেন। অনেকের বাড়িতে রান্নার মাঝপথে গ্যাস চলে গেছে। বিকল্প হিসেবে রাইসকুকার, ইন্ডাকশন কুকার ও স্টোভ ব্যবহার করেছেন অনেক গ্রাহক।
চট্টগ্রাম নগরের লাভ লেন এলাকার বাসিন্দা মোহাম্মদ তুহিন উল্লাহ প্রথম আলোকে বলেন, আজ সকাল আটটা থেকে গ্যাসের চুলা নিবু নিবু জ্বলছিল। রান্নার মাঝপথেই পৌনে নয়টার দিকে গ্যাস একেবারে চলে যায়।
একই এলাকার বাসিন্দা ইসমাইল হোসেনও ভোগান্তির কথা জানান। তিনি বলেন, আগে না জানার কারণে রান্না করে রাখেননি। এ কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে।
চট্টগ্রাম নগরে গতকাল অন্তত ২০টি এলাকার গ্রাহক সকালে ও রাতে গ্যাস পাননি বলে জানা গেছে। গ্যাস সরবরাহের দায়িত্বে আছে কেজিডিসিএল।
জানা গেছে, কোম্পানির গ্রাহক-সংযোগ ৬ লাখ ১ হাজার ৯১৪টি। এর মধ্যে গৃহস্থালি সংযোগ ৫ লাখ ৯৭ হাজার ৫৬১টি, অন্যগুলো শিল্প-বাণিজ্যসহ অন্য খাতে। এসব খাতে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩২৫ মিলিয়ন ঘনফুট। কিন্তু স্বাভাবিক সময়ে মহেশখালী এলএনজি টার্মিনাল থেকে পাওয়া যায় ২৮০ থেকে ৩০০ মিলিয়ন ঘনফুট।
কর্মকর্তারা জানান, এলএনজি টার্মিনালে রক্ষণাবেক্ষণের কাজ হচ্ছে। এ ছাড়া চাহিদা অনুযায়ী গ্যাস পাওয়া যায়নি। মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে গ্যাসের সরবরাহ কমেছে ৫০ থেকে ৬০ মিলিয়ন ঘনফুট। আবার কাফকো ও সিইউএফএল সার কারখানায় গ্যাস দিতে হচ্ছে। এ করণে সংকট দেখা দিয়েছে।
কেজিডিসিএলের মহাব্যবস্থাপক আমিনুর রহমান বলেন, এলএনজি টার্মিনালের একটি অংশে রক্ষণাবেক্ষণের কাজ শুরু হচ্ছে। তাই সারা দেশেই সংকট তৈরি হয়েছে। আরও ১৫ থেকে ২০ দিন থাকবে এমন সংকট।