মাগুরায় গ্রাম্য দলাদলির জেরে তরুণকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হত্যা
প্রতীকী ছবি

মাগুরা সদর উপজেলায় গ্রাম্য দলাদলি নিয়ে প্রতিপক্ষের হামলায় এক তরুণ নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের গাংনী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম (২৫) ওই গ্রামের বাদশা মোল্লার ছেলে।

হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ব্যক্তিদের ধরতে গেলে গ্রামবাসীর হামলায় দুজন পুলিশ সদস্যসহ তিনজন আহত হন। ঘটনাস্থল থেকে আটজনকে আটক করেছে পুলিশ।

নিহত ব্যক্তির ভাই আকিদুল ইসলাম বলেন, কুচিয়ামোড়া ইউনিয়নের গাংনী ও পাটখালী গ্রামে আওয়ামী লীগ নেতা আবদুর রহমান ও সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের ছেলে বিপ্লব হোসেনের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। ১৫ দিন আগে ‘ভিলেজ পলিটিকস’ নামের একটি সংগঠনের ব্যানারে স্থানীয় গাবতলা মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠান নিয়ে গাংনী, পাটখালী গ্রামে সামাজিকভাবে বিভক্ত দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। গতকাল রাত সাড়ে আটটার দিকে আবদুর রহমানের সমর্থক শহিদুল ইসলাম ও মানিক মোল্লা স্থানীয় বাজার থকে বাড়িতে ফিরছিলেন। পাটখালীর তেঁতুলতলায় পৌঁছালে বিপ্লব হোসেনের সমর্থক গাংনী গ্রামের আম্মানসহ একটি পক্ষ ধারালো অস্ত্র দিয়ে তাঁদের দুজনকে কুপিয়ে জখম করে। এ সময় ঘটনাস্থলেই শহীদুল ইসলামের মৃত্যু হয়। আহত মানিক মোল্লাকে মাগুরার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ প্রথম আলোকে বলেন, ঘটনার সময় একদল পুলিশ পাশের এলাকার একটি অনুষ্ঠানে ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্যক্তিদের ধরতে গেলে পুলিশের ওপর হামলা হয়। ইতিমধ্যে মূল অভিযুক্তসহ কয়েকজনকে পুলিশ আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।