কসবায় কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টপ্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের কবরস্থানে এ দুর্ঘটনা ঘটে।

মৃত দুজন হলেন ওই গ্রামের জমির হোসেনের ছেলে নুরু মিয়া (৬৫) ও মর্জু মিয়ার ছেলে সানাউল্লাহ (১৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নেয়ামতপুর গ্রামের মরহুম মতি সরকারের স্ত্রী হালিমা বেগম (৭৫) গতকাল রোববার রাতে মারা যান। আজ সকালে নেয়ামতপুর গ্রামের কয়েকজন তাঁর লাশ দাফনের জন্য কবর খুঁড়তে কবরস্থানে যান। কবর খোঁড়ার সময় বৃষ্টি শুরু হয়। বৃষ্টির পানি যেন কবরের ভেতরে প্রবেশ করতে না পারে সে জন্য উদ্যোগ নেওয়া হয়। তাঁরা স্টিলের পাইপ (এসএস) দিয়ে তৈরি খাঁচা বা শিল্ড কবরস্থানের ওপর নিয়ে রাখার চেষ্টা করেন। নুরু মিয়া, সানাউল্লাহসহ কয়েকজন স্টিলের পাইপের ওই খাঁচা সরাচ্ছিলেন। তখন কবরের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সঙ্গে সংস্পর্শ হয়। এতে আটজন বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলে নুরু মিয়া ও সানাউল্লাহর মৃত্যু হয়। আহত অন্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে নেওয়া হয়।

কসবা থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন প্রথম আলোকে বলেন, নেয়ামতপুর গ্রামের লোকজন কবর খুঁড়ছিলেন। আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। স্টিলের তৈরি একটি কাঠামো কবরের ওপর রাখার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটজন আহত হন। তাঁদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।