গুপ্ত বলার কারণে আপনারও পতন হবে: মাহমুদা মিতু

বরগুনার বেতাগী উপজেলায় দাঁড়িপাল্লার নির্বাচনী জনসভায় বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম–সদস্যসচিব মাহমুদা মিতু। শনিবার বিকেলেছবি: প্রথম আলো

তারেক রহমানকে ইঙ্গিত করে জাতীয় নাগরিক পাটির (এনসিপি ) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মাহমুদা মিতু বলেন, ‘লন্ডন থেকে মুফতি সাহেব এসেছেন। ভাবছিলাম লন্ডনের ভালো শিক্ষা–দীক্ষা নিয়ে এসে দেশ ও জনগণের উন্নয়নের কথা বলবেন। কিন্তু তিনি জামায়াতে ইসলামীকে গুপ্ত সংগঠন বলে যে বক্তব্য দিয়েছেন, তা তার মুখে সাজে না।’

আজ শনিবার বরগুনার বেতাগী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী বরগুনা-২ (বামনা উপজেলা, পাথরঘাটা এবং বেতাগী উপজেলা) আসনের সুলতান আহমেদের নির্বাচনী জনসভায় মাহমুদা মিতু এ কথা বলেন।

বেতাগী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ওই জনসভায় তিনি বলেন, ‘জামায়াত ইসলামী, এনসিপির ভাই–বোনেরা আপনাকে চেয়ারম্যান (বিএনপির চেয়ারম্যান) হওয়ার সুযোগ করে দিয়েছে। আপনার জন্য আমরা বিএনপির ভাইদের সঙ্গেও ছিলাম। অথচ আপনি আপনার সহযোদ্ধাদের গুপ্ত বলে সম্বোধন করেন। এটা আপনার জন্য লজ্জাজনক। রাজাকার বলার কারণে হাসিনার পতন হয়েছে, আর গুপ্ত বলার কারণে আপনারও পতন হবে ইনশা আল্লাহ।’

কেউ সমালোচনার ঊর্ধ্বে নয় উল্লেখ করে মাহমুদা মিতু বলেন, ‘তারেক রহমানকে নিয়ে কথা বললেই ছ্যাঁচড়া সন্ত্রাসীরা এসে আমাকে হুমকি দেয়। কিন্তু কেউই সমালোচনার ঊর্ধ্বে নয়। যে অন্যায় করবে, তার সমালোচনা হবেই।’

রাজনৈতিক পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে এনসিপির এই নেত্রী বলেন, পরিবর্তন চাইলে শিক্ষিত, ভদ্র ও যোগ্য মানুষদের রাজনীতির মাঠে নামতে হবে। তাঁরা যদি রাজনীতি থেকে দূরে থাকেন, তাহলে প্রকৃত পরিবর্তন সম্ভব নয়। বরগুনা–২ আসনে জামায়াতের প্রার্থী সুলতান আহমেদকে যোগ্য প্রার্থী হিসেবে তুলে ধরে মাহমুদা মিতু বলেন, তিনি একজন সৎ মানুষ।

জামায়াত ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় জোট সরকার গঠন করবে বলে আত্মবিশ্বাসী মাহমুদা মিতু। তিনি বলেন, ‘১১–দলীয় জোট সরকার গঠন করবে ইনশা আল্লাহ। এবার ইতিহাস হবে। লন্ডন থেকে মুফতি সাহেব এসেছেন। ভেবেছিলাম, তিনি দেশে জনগণের উন্নয়ন করবেন। ভয় পেয়েছিলাম, মনে হয় আমাদের জিততে একটু হাড্ডাহাড্ডি লড়াই হবে। এখন আর হাড্ডাহাড্ডি লড়াই হবে না। এখন আমরা ৯০ ভাগ এগিয়ে আছি।’