শাহনুরের ১৮ দফা ইশতেহার, পরিচ্ছন্ন ও সবুজ নগরী গঠনে জোর
গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনের ভোটের দুই দিন আগে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী সরকার শাহনুর ইসলাম ওরফে রনি। আজ মঙ্গলবার সকালে গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকায় নিজ বাড়িতে ঘোষণা করা ১৮ দফা ইশতেহারে একটি পরিচ্ছন্ন সবুজ নগরী এবং নাগরিক সেবা সহজ ও জনবান্ধব করে তোলার ওপর জোর দিয়েছেন হাতি প্রতীকের এই প্রার্থী।
বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ না নেওয়ার ধারাবাহিকতায় গাজীপুর সিটি নির্বাচনেও কোনো প্রার্থী দেয়নি বিএনপি। তবে সরকার শাহনুর বিএনপি পরিবারেরই সন্তান। তাঁর চাচা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার। শাহনুর নিজেকে বিএনপি পরিবারের সদস্য পরিচয় দিয়েই প্রচার–প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তাঁর দাবি, বিএনপির নেতা-কর্মীরা তাঁকে ভোট দেবেন। এ ছাড়া পারিবারিক ঐতিহ্যের কারণে টঙ্গীর একটি বড় অংশের ভোট পাবেন তিনি।
গাজীপুর সিটি করপোরেশনের ভোট অনুষ্ঠিত হবে ২৫ মে। আজ মধ্যরাতে শেষ হচ্ছে আনুষ্ঠানিক প্রচার–প্রচারণা। প্রার্থীরাও শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। দিনের শুরুতেই ইশতেহার ঘোষণা করেন শাহনুর। এ সময় তাঁর নির্বাচনের প্রধান সমন্বয়ক আলাউদ্দিনসহ কর্মী-সমর্থকেরা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে ইঙ্গিত করে শাহনুর বলেন, সরকারি দলের নেতাদের ক্ষমতা ও স্বার্থের দ্বন্দ্বের কারণে দ্বিতীয় পরিষদের মেয়রও তাঁর দায়িত্বকাল শেষ করতে পারেননি। তার ওপর গত পাঁচ বছর সিটি করপোরেশনে কী পরিমাণ দুর্নীতি হয়েছে, তা এখন সরকারি দলের নেতা-কর্মীদের মুখ থেকে উচ্চারিত হচ্ছে। শত শত কোটি টাকার এই দুর্নীতির ভাগীদার ছিলেন তাঁরা সবাই। তাঁদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব শুরু না হলে হয়তো এ দুর্নীতির চিত্র জানা যেত না। আজ সরকারি দলের দুর্নীতির চিত্র তাঁরা তুলে ধরছেন বলে মন্তব্য করেন হাতি মার্কার প্রার্থী।
পারিবারিক রাজনীতির ঐতিহ্য তুলে ধরে শাহনুর ইসলাম বলেন, ‘টঙ্গী পৌরসভার প্রতিষ্ঠাকালীন আমার বড় চাচা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার অত্যন্ত সুনামের সঙ্গে দুবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমার অপর চাচা মরহুম সাহাজ উদ্দিন সরকারও টঙ্গী পৌরসভার চেয়ারম্যান হিসেবে এলাকার উন্নয়নে বিশেষ অবদান রাখেন। আমার বড় চাচা হাসান উদ্দিন সরকার গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে এলাকার উন্নয়নে অভূতপূর্ব অবদান রাখেন। আমাদের পরিবার অত্র এলাকার উন্নয়নের গোড়াপত্তন করে। আমি পারিবারিক ঐতিহ্য ও অভিজ্ঞতাকে গাজীপুর সিটি করপোরেশনের উন্নয়নে কাজে লাগাতে চাই। নগরপিতা নয়, গাজীপুর সিটি করপোরেশনের একজন সেবক হয়ে নাগরিকদের সুখ-দুঃখে পাশে থাকতে চাই।’
ইশতেহারে শাহনুর গাজীপুর সিটিকে একটি পরিচ্ছন্ন সবুজ নগরী হিসেবে গড়ে তোলার পাশাপাশি এবং নাগরিক সেবা সহজ ও জনবান্ধব করাকে অধিক গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, গাজীপুরে শিল্পবান্ধব পরিবেশ গড়ে তুলবেন। এর জন্য শিল্পের ট্যাক্স সহনীয় মাত্রায় নির্ধারণ করা এবং শিল্পের সব সমস্যা চিহ্নিত করে একটি শিল্প ও শ্রমিকবান্ধক পরিবেশ গড়ে তুলবেন। বিশেষ করে টঙ্গী ও কোনাবাড়ী বিসিক এবং টঙ্গীতে রাজউকের নির্ধারিত শিল্প জোনে এখনো যেসব প্লট পতিত ও পরিত্যক্ত অবস্থায় আছে, সেসব স্থানে শিল্প ইউনিট স্থাপনের জন্য শিল্পোদ্যোক্তাদের আগ্রহী করার নানা প্রদক্ষেপ গ্রহণ করবেন।
যানজট নিরসনের বিষয়েও শাহনুরের ইশতেহারে জোর দেওয়া হয়েছে। এ জন্য বিকল্প রাস্তা সম্প্রসারণ ও উন্নয়নের কথা বলেছেন। গাজীপুর শহরের সঙ্গে ঢাকার সহজ যোগাযোগের জন্য বনমালা রোড থেকে রেললাইনের পূর্ব পাশ দিয়ে তুরাগ নদ পর্যন্ত রাস্তাটি সম্প্রসারণ করার পরিকল্পনার কথা বলেছেন শাহনুর। এ ছাড়া নগরীর পূর্ব-পশ্চিমমুখী দুটি রাস্তা নির্মাণ, জয়দেবপুর জংশনের দক্ষিণ পাশ এবং উত্তর পাশ দিয়ে আরও দুটি রাস্তা পূর্ব-পশ্চিমমুখী করে নির্মাণ, রেলক্রসিংগুলোতে ওভারপাস নির্মাণ করা হবে বলে ইশতেহারে উল্লেখ করা হয়েছে।
আধুনিক সুযোগ সুবিধা–সংবলিত স্কুল-কলেজ গড়ে তুলবেন বলেও জানিয়েছেন শাহনুর। তাঁর ইশতেহারে বলা হয়েছে, মেয়র নির্বাচিত হলে বিনোদন ও খেলাধুলার জন্য মহানগরে ৫৭টি সুপরিসর খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। ৫৭টি ওয়ার্ডের প্রতিটিতে শিশুপার্ক ও কমিউনিটি সেন্টার তৈরি করবেন বলে জানান শাহনুর। এ ছাড়া পরামর্শকদের সঙ্গে আলোচনা করে এবং তাঁদের সঙ্গে নিয়ে সমন্বিত উদ্যোগে মহানগরের বস্তিগুলো উন্নত সুযোগ-সুবিধার আওতায় নিয়ে আসবেন বলে জানান এই মেয়র প্রার্থী।
শাহনুর ইসলাম বলেন, ‘আমি বয়সে তরুণ। আমি কথায় নয়, কাজে বিশ্বাসী। ভোট আপনাদের শ্রেষ্ঠ আমানত। যদি আমাকে আপনাদের যোগ্য মনে হয়, ২৫ মে ভোটের মাধ্যমে আপনাদের আমানতের সেরা বিনিয়োগ করুণ। কথা দিচ্ছি, আমি আপনাদের পাশে সেবক হয়ে থাকব।’