নাটোরে কাজে বের হয়ে ট্রাকের চাপায় নিহত ভ্যানচালক, আহত ৪
প্রতিদিনের মতো ব্যাটারিচালিত ভ্যানগাড়ি ও কুড়াল নিয়ে গাছ কাটতে বের হয়েছিলেন নাটোরের সিংড়ার কলমপুন্ডরী গ্রামের আবদুর রহিম (৪৭)। কিন্তু গন্তব্যে পৌঁছার আগেই ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান তিনি। আজ সোমবার সকালে সিংড়া উপজেলার জোলারবাতা এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন তাঁর চার সহকর্মী।
আহত চারজন হলেন বিদ্যুৎ হোসেন (৪২), কাচু প্রামাণিক (৬০), মাসুদ রানা (৩৫) ও এলামুল হক (৪০)।
সিংড়া থানা-পুলিশ সূত্রে জানা যায়, গাছ কাটার কাজে পাঁচজন শ্রমিক অটো ভ্যান নিয়ে সিংড়ার চৌগ্রামের দিকে যাচ্ছিলেন। পথে জোলারবাতা এলাকায় ভ্যানগাড়ির একটি চাকা ভেঙে মহাসড়কের ওপরে ছিটকে পড়ে। সঙ্গে সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের চাপা দিয়ে ওপর দিয়ে চলে যায়। এতে অটো ভ্যানের চালক আবদুর রহিম ঘটনাস্থলেই মারা যান। ভ্যানের চার যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শিবলী নোমানী বলেন, গুরুতর আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অপর দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ট্রাকের চাপায় অটো ভ্যান চালক নিহত ও চারজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।