উত্তরায় গার্ডার পড়ে নিহত ৪ জনকে জামালপুরের বাড়িতে দাফন

ঢাকার উত্তরায় চলন্ত অবস্থায় প্রাইভেট কারের ওপর বিআরটি প্রকল্পের ক্রেন থেকে গার্ডার পড়ে নিহত পাঁচজনের মধ্যে জামালপুরের চারজনকে দাফন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে পুলিশ তাঁদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। এরপর রাতেই নিজ নিজ এলাকায় পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন করা হয়।

গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে পাঁচজনের লাশ ময়নাতদন্ত শেষে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গ কর্তৃপক্ষ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে। এর মধ্যে গতকাল রাত ১০টার দিকে ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে প্রথম ঝর্ণা আক্তার (২৭) এবং তাঁর দুই সন্তান জান্নাতুল (৬) ও জাকারিয়ার (৪) লাশ জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আগপয়লা গ্রামে এসে পৌঁছায়।

রাত সাড়ে ১০টার দিকে ফাহিমা আক্তারের (৩৮) লাশ তাঁর গ্রামের বাড়ি ইসলামপুর উপজেলার ঢেংগারগড় এলাকায় পৌঁছায়। এ সময় গ্রামবাসী ও স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। লাশগুলো একনজর দেখতে ভিড় জমান প্রতিবেশীরা। এলাকায় নেমে আসে শোকের ছায়া। পরে রাত সাড়ে ১১টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে এসব লাশ দাফন করা হয়।

গত সোমবার বিকেলে উত্তরার ৩ নম্বর সেক্টরের প্যারাডাইজ টাওয়ারের সামনের সড়কে চলন্ত অবস্থায় গাড়িটির ওপর বিআরটি প্রকল্পের ক্রেন থেকে গার্ডার পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান পাঁচজন। নিহত অন্য এক হলেন বর হৃদয়ের বাবা রুবেল। অল্পের জন্য বেঁচে যান নবদম্পতি হৃদয় ও রিয়া।