রামকৃষ্ণ সেবাশ্রম, শিক্ষা ও মানবসেবার এক অনন্য ঠিকানা
৬ নভেম্বর সকাল আটটা। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উত্তর রোয়াইল গ্রামের রামকৃষ্ণ সেবাশ্রমের একতলা ভবনের মিলনায়তনের মেঝেতে সারিবদ্ধভাবে বসে আছে প্রায় ২০০ শিক্ষার্থী। কেউ মুসলিম, কেউ সনাতন ধর্মাবলম্বী। সেদিন ছিল আবৃত্তি, ইংরেজি বানান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মধ্য থেকে ৪০ জনের মতো অংশ নেয়।
তিন বিভাগে তিনজন করে মোট নয়জন বিজয়ীকে পুরস্কার হিসেবে দেওয়া হয় জ্যামিতি বাক্স, কলম ও পেনসিল। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হওয়া শিক্ষার্থী এঁকেছে মসজিদ, দ্বিতীয়জন মন্দির, তৃতীয়জন স্বামী বিবেকানন্দের ছবি। প্রতিযোগিতা শেষে মিলনায়তনের এক পাশে রাখা খাবার সারিবদ্ধভাবে নিতে দেখা যায় শিক্ষার্থীদের।
প্রতি মাসের প্রথম শুক্রবার প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবার চিত্রাঙ্কনে প্রথম হয়েছে উপজেলা সদরের রামকৃষ্ণ মিশন কেজি স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তাসরীফ সরকার। সে বলে, ‘আমরা সবাই ছাত্র। এই সেবাশ্রমে প্রতিযোগিতায় এসে ভালো লাগছে।’
আবৃত্তিতে তৃতীয় নাফিসা আক্তারও একই স্কুলের শিক্ষার্থী। সে জানায়, মাঝেমধ্যে সে এখানে আসে। নানা প্রতিযোগিতায় অংশ নেয়।
ছোটবেলার স্মৃতি থেকে সেবাশ্রম
এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সেবাশ্রমের উদ্যোক্তা প্রকাশ চন্দ্র চক্রবর্তীর বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ভবানীপুর গ্রামে। পড়াশোনার জন্য ছোটবেলা থেকে তিনি থাকতেন মির্জাপুরের উয়ার্শী ইউনিয়নের উত্তর রোয়াইল গ্রামে মামা মেঘলাল চক্রবর্তীর বাড়িতে। মেঘলাল ছিলেন উয়ার্শী এম ইয়াছিন অ্যান্ড ইউনুস আলী খান উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। ওই স্কুল থেকে ১৯৮৬ সালে মাধ্যমিক পাস করে প্রকাশ চন্দ্র ঢাকার নটর ডেম কলেজে ভর্তি হন।
সেবাশ্রমের সারদা–নিবেদিতা শিশু নিকেতনে প্রথম থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও মেধাচর্চা শেখানো হয়। সেবাশ্রম প্রতিষ্ঠার পর এ পর্যন্ত ৩৫০ জন নারীকে সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ১২ জনকে দেওয়া হয়েছে বিনা মূল্যে সেলাই মেশিন। এ ছাড়া ১৪ জন বিধবাকে প্রতি মাসে ৫০০ টাকা করে ভাতা দেওয়া হয়।
কলেজের হোস্টেলে থাকার সময় ঢাকার রামকৃষ্ণ সেবাশ্রমের বড় মহারাজ অক্ষরানন্দ মহারাজের সান্নিধ্য পান প্রকাশ চন্দ্র। নটর ডেম কলেজ থেকে ১৯৮৮ সালে উচ্চমাধ্যমিক পাস করেন তিনি। পরে ১৯৮৮–৮৯ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞানে ভর্তি হন তিনি। এ সময় অক্ষরানন্দ মহারাজের উদ্যোগে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ পান তিনি। এর ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাঁর স্নাতক শেষ করা সম্ভব হয়নি। ১৯৯১ সালে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। সেখানে তিনি স্নাতক ও স্নাতকোত্তর শেষে সেখানকার একটি প্রতিষ্ঠানে নিরীক্ষা কর্মকর্তা হিসেবে যোগ দেন।
১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রে প্রকাশ চন্দ্র গড়ে তোলেন ‘স্বামী বিবেকানন্দ স্টাডি অ্যান্ড ফিলানথ্রপিক সেন্টার অব নিউইয়র্ক’। এই প্রতিষ্ঠানের মাধ্যমে ছোটবেলার স্মৃতি ধরে রাখতে মামার বাড়ির এলাকায় একটি সেবামূলক প্রতিষ্ঠান গড়তে চান তিনি। অক্ষরানন্দ মহারাজের মাধ্যমে উত্তর রোয়াইলে গড়ে ওঠে রামকৃষ্ণ সেবাশ্রম। ২০১৯ সালের ৯ মার্চ একটি কোচিং সেন্টার দিয়ে সেবাশ্রমের যাত্রা শুরু।
শিক্ষা ও নৈতিকতার ক্লাস
সেবাশ্রমের দায়িত্বে থাকা স্বামী হরিহরানন্দ ওরফে বিবেক মহারাজ বলেন, ‘যত মত, তত পথ’ এবং ‘জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর’—এই আদর্শ সামনে রেখে সেবাশ্রমের সারদা–নিবেদিতা শিশু নিকেতনে প্রথম থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা দেওয়া হয়। পাশাপাশি তাদের মেধা বিকাশে নানা কার্যক্রম পরিচালনা করা হয়। শিশু নিকেতনে প্রতি শুক্রবার সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত ক্লাস চলে।
মির্জাপুরের রোয়াইল, উয়ার্শী, দোপাটিয়া, বরুটিয়া, ঘুগী, ভাওড়া, খৈলসিন্দুর, সরিষাদাইড়, দেওহাটা, সাহাপাড়া, ভাতগ্রাম, আন্ধরা ও বাইমহাটী এবং পাশের ধামরাই উপজেলার চৌহাট, বালিয়া, গবড়া, জেঠাইল, বাংগলা ও ঝিকুটিয়া এলাকার ২০০ শিক্ষার্থী এতে অংশ নেয়। সবাইকে সকালের খাবার দেওয়া হয়। এখানে ধর্মীয় কোনো বিভেদ থাকে না।
এ ছাড়া ষষ্ঠ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য সেবাশ্রমের স্বামী সাহানন্দ ফ্রি কোচিং সেন্টারে সপ্তাহে তিন দিন—বৃহস্পতি, শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিনা মূল্যে ক্লাস হয়। প্রায় ৫০ শিক্ষার্থী এখানে পড়ে। তাদের পড়ান নয়জন শিক্ষক।
এই কোচিং সেন্টারে গণিত পড়ান মো. সুমন মিয়া। তিনি বলেন, ‘আমরা এখান থেকে নামমাত্র সম্মানী নিই। মূলত মানবতার জন্য আমি এখানে পাঠদান করি। এখানে হিন্দু–মুসলিম কোনো ভেদাভেদ নেই। শৃঙ্খলা ও নৈতিক শিক্ষাকেই আমরা বড় করে দেখি।’
নারীদের প্রশিক্ষণ, বিধবাদের ভাতা
সেবাশ্রম প্রতিষ্ঠার পর ২০১৯ সাল থেকে এ পর্যন্ত ৩৫০ নারীকে সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানান হরিহরানন্দ। তিনি বলেন, প্রশিক্ষণ ছিল তিন মাস ও ছয় মাস মেয়াদি। তাঁদের মধ্যে ১২ জনকে দেওয়া হয়েছে বিনা মূল্যে সেলাই মেশিন। ২০১৯ সাল থেকে ১৪ জন বিধবাকে প্রতি মাসে ৫০০ টাকা করে ভাতা দেওয়া হচ্ছে। এ ছাড়া ঈদের সময় দরিদ্র মানুষদের মধ্যে চিনি ও সেমাই বিতরণ করা হয়।
সেবাশ্রম থেকে করোনাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০ জন নারী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া টাঙ্গাইলের কুমুদিনী মেডিকেল কলেজসহ বিভিন্ন মেডিকেল কলেজের ১৫ জন শিক্ষার্থীর এমবিবিএস পর্যন্ত পড়াশোনার ব্যয় বহন করা হয়েছে।
হরিহরানন্দ জানান, সেবাশ্রমে গড়ে প্রতি মাসে খরচ হয় এক লাখ টাকা। এর বেশির ভাগ দেন প্রকাশ চন্দ্র। বাকি অংশ আসে ঢাকার রামকৃষ্ণ সেবাশ্রম থেকে।
উত্তর রোয়াইল গ্রামের ফুলমালা রায়ের স্বামী মারা গেছেন প্রায় সাত বছর আগে। সেবাশ্রম থেকে প্রতি মাসে পাওয়া ৫০০ টাকায় দুই ছেলেকে নিয়ে সংসার চালাতে কিছুটা স্বস্তি দেয় তাঁকে। এ ছাড়া একই গ্রামের যমুনা সূত্রধর নামে এক নারীর ছিল ভাঙা একচালা ঘর। প্রায় দুই বছর আগে প্রকাশ চন্দ্রের সহায়তায় সেবাশ্রম থেকে তাঁকে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।
সেবাশ্রমে সবাই সমান
সেবাশ্রমের ভারপ্রাপ্ত সভাপতি রবীন্দ্রনাথ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘প্রকাশের কাছে হিন্দু–মুসলিম কোনো ভেদাভেদ নেই। স্কুলজীবনে ওর অনেক সহপাঠীর অর্থকষ্ট দেখেছে। সেখান থেকেই হয়তো ও শিক্ষাকে গুরুত্ব দিয়ে সবার জন্য কাজ করে যাচ্ছে।’
মাঝেমধ্যেই স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে সেবাশ্রমে আসেন মির্জাপুরের রামকৃষ্ণ মিশন কেজি স্কুলের সহকারী শিক্ষক বিন্দি রানী সরকার। তিনি বলেন, এখানে সবাই সমান। কোনো ভেদাভেদ নেই।
ধর্মীয় পরিচয় নির্বিশেষে সবাইকে শিক্ষার সুযোগ ও মানবিক সহায়তা দেওয়ার উদ্যোগকে ইতিবাচকভাবে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের কাছে রামকৃষ্ণ সেবাশ্রম শুধু শিক্ষাকেন্দ্র নয়, সম্প্রীতি ও মানবসেবারও এক অনন্য ঠিকানা।