ভোট গ্রহণ শেষে কেন্দ্রে প্রবেশ নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ স্বতন্ত্র প্রার্থী দুই ঘণ্টা পর মুক্ত

নারায়ণগঞ্জ–৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. শাহ আলমকে সন্ধ্যা পৌনে সাতটা পর্যন্ত অবরুদ্ধ করে রাখেন বিএনপি-সমর্থিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থীর সমর্থকেরা। আজ বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের ইসদাইর রাবেয়া হোসেন উচ্চবিদ্যালয় কেন্দ্রেছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জ-৪ (নারায়ণগঞ্জ সদর উপজেলার একাংশ) আসনে ভোট গ্রহণ শেষে একটি ভোটকেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর প্রবেশকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। এই আসনে বিএনপি-সমর্থিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থীর সমর্থকদের অভিযোগ, কেন্দ্রে প্রবেশের সময় স্বতন্ত্র প্রার্থী মো. শাহ আলমের সঙ্গে একটি ব্যাগে টাকা ছিল। পরে দুই ঘণ্টা অবরুদ্ধ থাকার পর সন্ধ্যা সাতটার দিকে তিনি মুক্ত হন।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে ইসদাইর রাবেয়া হোসেন উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনার শুরু। শাহ আলম (বহিষ্কৃত) বিএনপির নির্বাহী কমিটির সদস্য।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে ভোট গ্রহণ শেষ হওয়ার পর স্বতন্ত্র প্রার্থী শাহ আলম কেন্দ্রে প্রবেশ করলে বিএনপির দলীয় জোট জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থীর সমর্থকেরা এতে আপত্তি জানান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়, যা এক পর্যায়ে উত্তেজনায় রূপ নেয়। এ সময় শাহ আলমকে অবরুদ্ধ করে রাখা হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আসে। সন্ধ্যা সাতটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

নারায়ণগঞ্জ-৪ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মনির হোসাইন অভিযোগ করেন, শাহ আলম নির্ধারিত সময়ের পরে কেন্দ্রে প্রবেশ করেন। এ সময় তাঁর সঙ্গে একটি ব্যাগ ছিল। ওই ব্যাগে টাকা ছিল।

জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির সন্ধ্যা সাতটার দিকে ঘটনাস্থলে এসে সাংবাদিকদের জানান, স্বতন্ত্র প্রার্থীর ভোটকেন্দ্রে প্রবেশের সময় তাঁর সঙ্গে একটি ব্যাগ ছিল বলে অভিযোগ করে তাঁকে আটকে রাখা হয়েছিল। খবর পেয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তল্লাশি করে কোনো ব্যাগ পায়নি। কেন স্বতন্ত্র প্রার্থীকে আটকে রাখা হয়েছিল এবং সরকারি কাজে বাধা দেওয়া হচ্ছিল, এই অভিযোগে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মনির হোসাইনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানালে তিনি নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী শাহ আলমকে যেতে দেওয়া হয়েছে।