মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষায় জালিয়াতি ও প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা গ্রেপ্তার হওয়া নয়ন ইসলাম (২৫) এলাকায় প্রতারক হিসেবে পরিচিত ছিলেন। তিনি রাজশাহীর বাগমারায় নিজ এলাকায় এসে নিজেকে চিকিৎসক বলে পরিচয় দিলেও তাঁর এই কথা কেউ বিশ্বাস করতেন না। এলাকার লোকজন তাঁকে প্রতারক হিসেবে জানতেন।
নয়নসহ পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে নগরের বোয়ালিয়া মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করে ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, মামলাটি মহানগর গোয়েন্দা পুলিশ তদন্ত করছে।
গত সোমবার যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে এলে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ নয়নকে গ্রেপ্তার করে। পরে গত মঙ্গলবার তাঁকে রাজশাহীতে আনা হয়। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ তাঁকে গ্রেপ্তার দেখায়। নয়নের বাড়ি বাগমারার গণিপুর ইউনিয়নের আচিনঘাট গ্রামে।
আজ বৃহস্পতিবার সরেজমিনে নয়ন সম্পর্কে নানা তথ্য পাওয়া গেছে। তিনি পাশের মোহনপুর উপজেলার সাঁকোয়া মাদ্রাসা থেকে ২০১৬ সালে মানবিক বিভাগ থেকে দাখিল পাস করেন। এরপর তিনি রাজশাহীর সিটি কলেজে ভর্তি হয়েছিলেন বলে এলাকার লোকজন জানতে পারেন। এলাকায় এসে নিজেকে সিটি কলেজের ছাত্র হিসেবে পরিচয় দিতেন। নিজের পরিবার থেকেও বিচ্ছিন্ন ছিলেন তিনি।
বাবা আজগর আলী হোসেন মণ্ডল একজন পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তি। তিনি একজন গরিব কৃষক। এই প্রতিবেদকের সঙ্গে তিনি কথা বলেননি। তবে তিনি আকার–ইঙ্গিতে বলেন, ছেলের সঙ্গে সম্পর্ক নেই। নয়নের মা অনেক আগেই মারা গেছেন।
এলাকার লোকজন বলেন, নয়ন দাখিল পাস করার পর রাজশাহী শহরে চলে যান। এরপর এলাকায় কম আসতেন তিনি। তবে এলাকায় এসে নিজেকে রাজশাহী মেডিকেলের ছাত্র ও রাজশাহী মহানগরের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলে পরিচয় দিতেন। তাঁর আচরণ এবং অসংলগ্ন কথাবার্তার কারণে কেউ বিশ্বাস করতেন না।
নাম প্রকাশ না করার শর্তে তাঁর এক বন্ধু বলেন, ‘নয়ন মানবিক বিভাগে লেখাপড়া করে কীভাবে মেডিকেলে ভর্তি হয়েছেন, এটা তাঁদের বিশ্বাস হয়নি। তবে এলাকায় এসে তাঁদের বলতেন তিনি কারসাজির মাধ্যমে বিজ্ঞান বিভাগের সনদ অর্জন করে মেডিকেলে ভর্তি হয়েছেন। তাঁর এই অভিজ্ঞতা ও পথঘাট চেনা রয়েছে বলে বন্ধুদের জানিয়েছিলেন। সে হিসাবে তিনি গ্রামের এক বন্ধুর কাছ থেকে পরীক্ষার ফলাফল পাল্টে দেওয়ার কথা বলে ২২ হাজার টাকা চুক্তি করেন। কিছু টাকা তাঁকে দেওয়াও হয়েছিল। তবে তাঁর (নয়ন) কথাবার্তায় সন্দেহ হলে আর টাকা দেননি বলে জানান। এ রকম তথ্য আরও কয়েকজন দিয়েছেন।
গ্রামের ২০-২৫ জন ব্যক্তি বলেন, ছেলেটাকে প্রতারক হিসেবেই জানতেন তাঁরা। মাঝেমধ্যে এলাকায় প্রাইভেট কার, কখনো দামি বাইক নিয়ে আসতেন। তবে দামি বাইক নিয়েই চলাফেরা ছিল তাঁর। শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবেও পরিচয় দিতেন।
এদিকে নয়নের ফেববুক আইডি ঘেঁটে দেখা যায়, তিনি নিজেকে একজন সফল ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেছেন। এ ছাড়া নিজেকে রাজশাহী সিটি কলেজের সাবেক এবং রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থী হিসেবে উল্লেখ করা হয়েছে। ফেসবুকে নিজের ও প্রধানমন্ত্রীর ছবি পোস্ট করা রয়েছে।
নয়নকে গ্রেপ্তারের পর রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক বলেছিলেন, গত ২৩ ফেব্রুয়ারি একটি টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, দেশব্যাপী আসন্ন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, জালিয়াতির মাধ্যমে ভর্তির সুযোগ করে দিতে একটি চক্র অপতৎপরতা চালাচ্ছে। তারা মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি–ইচ্ছুক এবং চাকরিপ্রার্থীদের প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন। চক্রটি রাজশাহীতে অবস্থান করছে বলেও তাঁরা জানতে পারেন। তাঁরা রাজশাহীর বিভিন্ন কোচিং সেন্টারের মালিকদের সহযোগিতায় মুঠোফোনের মাধ্যমে বিভিন্ন মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি–ইচ্ছুক ও চাকরিপ্রত্যাশীদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের পরীক্ষার প্রবেশপত্রের অনুলিপি নেন।
বিজয় বসাক বলেন, চুক্তি অনুযায়ী তাঁদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সনদ, রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহসহ প্রাথমিক খরচ বিকাশ, রকেট এবং নগদ অ্যাকাউন্টের মাধ্যমে সংগ্রহ করতেন ওই চক্রের সদস্যরা।
এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিতে রাজশাহী মহানগর ডিবি পুলিশকে নির্দেশ দেন রাজশাহী পুলিশ কমিশনার। সে অনুযায়ী ২৪ ফেব্রুয়ারি রাজশাহী নগরের পিজি টাওয়ারের দশম তলায় অভিযান চালালে জালিয়াত চক্রের সদস্যরা পালিয়ে যান। ভবনের মালিকের মাধ্যমে পুলিশ ভাড়াটের নাম জানতে পারেন। ভাড়াটে নয়ন চিকিৎসক পরিচয় দিয়ে সহযোগীদের নিয়ে থাকতেন। নয়নসহ অন্য সদস্যরা যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য ২৬ ফেব্রুয়ারি দেশের সব বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে বিশেষ পত্র পাঠানো হয়। নয়ন এর আগেই ভারতে পালিয়ে যান। পরে গত সোমবার নয়ন বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে এলে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।
পুলিশের জিজ্ঞাসাবাদে নয়ন বলেন, প্রশ্নপত্র ফাঁস চক্রে তিনি ও তাঁর সহযোগী পলাতক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সনেটসহ তিন-চারজন আছেন। তাঁরা বিভিন্ন কোচিং সেন্টারের সঙ্গে যোগাযোগ করে চাকরিপ্রার্থী, মেডিকেল কলেজ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি–ইচ্ছুক প্রার্থীদের সঙ্গে মুঠোফোনের বিভিন্ন অ্যাপসের মাধ্যমে যোগাযোগ করেন। তাঁদের চাকরি দেওয়ার কথা বলে এবং মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির আশ্বাস দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন।