চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের দুই শাখার কমিটি বিলুপ্ত, নতুন কমিটি পেল ছয় শাখা
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের আওতাভুক্ত দুটি শাখার কমিটি বিলুপ্ত করার পাশাপাশি ছয়টি শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে সই করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক আবু তাহের।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাতকানিয়া পৌরসভা ও সাতকানিয়া সরকারি কলেজ শাখা কমিটি বিলুপ্ত করা হয়েছে। পাশাপাশি বাঁশখালী উপজেলা, বাঁশখালী পৌরসভা, বাঁশখালী আলাওল কলেজ শাখা, বোয়ালখালী উপজেলা, বোয়ালখালী পৌরসভা ও সাতকানিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
ছাত্রলীগ সূত্র জানায়, গতকাল রাতে কমিটি মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ায় সাতকানিয়া পৌরসভা ও সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতাদের নামও ঘোষণা করা হয়। এতে সাতকানিয়া সরকারি কলেজ শাখায় আনোয়ারুল ইসলামকে সভাপতি ও সাখাওয়াত হোসেনকে সাধারণ সম্পাদক, বাঁশখালী উপজেলা শাখায় মুহাম্মদ নাঈম উদ্দিনকে সভাপতি ও মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক, বাঁশখালী পৌরসভায় আনিসুজ্জামানকে আহ্বায়ক, বাঁশখালী আলাওল কলেজে কায়জাসেদ চৌধুরীকে আহ্বায়ক, বোয়ালখালী উপজেলায় একরামুল হককে সভাপতি ও মাহবুবুল আলমকে সাধারণ সম্পাদক, বোয়ালখালী পৌরসভায় জাবেদ হোসেনকে সভাপতি ও আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটিগুলো ঘোষণা দেওয়া হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন বলেন, জাতীয় নির্বাচনকে ঘিরে ছাত্রলীগকে শক্তিশালী করার জন্য কেন্দ্রের নির্দেশে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নিষ্ক্রিয় ও মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে আরও নতুন কমিটি ঘোষণা করা হবে।