খুলনায় বাধাহীনভাবে গণতন্ত্র মঞ্চের পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত
সরকারের পদত্যাগ, অন্তর্বর্তী সরকারের অধীন নির্বাচন ও সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের দাবিতে খুলনায় পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা জোট গণতন্ত্র মঞ্চ। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে নগরের উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে শহীদ হাদিস পার্ক হয়ে ডাকবাংলো এলাকায় গিয়ে শেষ হয়। পদযাত্রা শুরুর আগে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে গণতন্ত্র মঞ্চ।
গণতন্ত্র মঞ্চ খুলনা জেলা ও মহানগর আহ্বায়ক এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) খুলনা মহানগর সভাপতি খান লোকমান হাকিমের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, ২০১৮ সালের জাতীয় নির্বাচন জাতির জন্য একটা কলঙ্কজনক দিন। রাতের আঁধারে ভোট ডাকাতি করে আজ এই ফ্যাসিবাদী সরকার রাষ্ট্রকে হুমকির মধ্যে ফেলেছে। জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। সরকার জনগণের ম্যান্ডেটকে অস্বীকার করছে। তাদের বাক্স্বাধীনতা কেড়ে নিয়েছে। পুলিশ প্রশাসন ও গুন্ডাবাহিনী দিয়ে দেশ পরিচালনা করছে। রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে অকার্যকর করে ফেলেছে। গুম-খুন-ক্রসফায়ার-বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কোনো বিচার করছে না।
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমকে পেটানোর প্রসঙ্গ তুলে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো বারবার বলছে, বর্তমান ক্ষমতাসীন সরকারের অধীনে ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। গতকাল সোমবার ঢাকা-১৭ উপনির্বাচন চলাকালে সংসদ সদস্য প্রার্থী হিরো আলমের ওপর সরকারদলীয় বাহিনীর নির্মম নির্যাতন ও ন্যক্কারজনক হামলায় সেটা প্রমাণিতও হয়েছে। এই সরকারের হাতে দেশ নিরাপদ নয়, এই সরকারকে ক্ষমতা থেকে নামাতে হবে। তাদের হটানোই মানুষের সামনে এখন প্রধান কর্তব্য।
নাগরিক ঐক্য খুলনার সদস্যসচিব কাজী মোতাহার রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন মঞ্চের সদস্যসচিব ও গণসংহতি আন্দোলন খুলনা জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) খুলনা জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবদুল খালেক, সাধারণ সম্পাদক শ ম রেজাউল ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা সম্পাদক কে এম আলী দাদ, সদস্যসচিব শরিফুল ইসলাম খান, দিঘলিয়া উপজেলা সম্পাদক হারুন আর রশীদ, রূপসা উপজেলা সম্পাদক আনোয়ার হোসেন, জেএসডি খালিশপুর থানা সভাপতি মো. মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইমুম ইসলাম, গণসংহতি আন্দোলন জেলা সদস্য আল আমিন শেখ, সেলিম বকুল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জেলা সদস্য মানিক মণ্ডল প্রমুখ।