লক্ষ্মীপুরে তালাবদ্ধ ঘরে পড়েছিল স্বামী-স্ত্রীর অর্ধগলিত লাশ

লাশ
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরে তালাবদ্ধ ঘর থেকে স্বামী-স্ত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার উত্তর শাকচর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

এই দুজন হলেন আবু ছিদ্দিক (৭৩) ও তাঁর স্ত্রী আতরের নেছা (৬২)। তাঁরা উত্তর শাকচর গ্রামের বাসিন্দা। ছিদ্দিক ও আতরের নেছা নিঃসন্তান। তবে তাঁদের একজন পালক ছেলে আছে।

পুলিশ বলছে, দুজনের লাশের গলায় কাপড় প্যাঁচানো ছিল। চার থেকে পাঁচ দিন আগে দুজনকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। গতকাল রাতেই লাশ দুটি ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত আবু ছিদ্দিকের ভাতিজা আবদুল হান্নান বলেন, তাঁর চাচা একসময় সংযুক্ত আরব আমিরাতে থাকতেন। তবে প্রায় ১৫ বছর ধরে তিনি বাড়িতে আছেন। একতলা ওই ভবনে তাঁর চাচা ও চাচি থাকতেন। গতকাল রাতে ওই বাড়ি থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে বিষয়টি থানা–পুলিশকে জানানো হলে পুলিশ ঘরের তালা ভেঙে লাশ দুটি উদ্ধার করে।

আবদুল হান্নান বলেন, তাঁর চাচা ও চাচির কোনো সন্তান ছিল না। আবদুর রহিম নামে তাঁদের এক পালক ছেলে আছে। সেই ছেলে  শ্বশুরবাড়িতে থাকেন। গত কয়েক বছর থেকে তাঁদের সঙ্গে পালক ছেলের সম্পর্ক ভালো যাচ্ছে না।

এদিকে বৃদ্ধ দম্পতির লাশ উদ্ধারের খবরে রাতেই জেলা পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সুপার বলেন, ‘পুলিশ ওই স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মরদেহের গলায় কাপড় প্যাঁচানো ছিল। মরদেহ দেখে মনে হচ্ছে, চার থেকে পাঁচ দিন আগে কেউ তাদের হত্যা করেছে।’