সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল ডিপোর পাম্প হাউসে আগুন, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অগ্নিকাণ্ডের পর পদ্মা অয়েল ডিপোর পাম্প হাউজ। এতে পাঁচ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে
ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে অবস্থিত পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড ডিপোর পাম্প হাউসে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে পাম্প হাউসে কর্মরত চার শ্রমিকসহ পাঁচজন আহত হয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আগেই ডিপোর নিজস্ব অগ্নিনির্বাপণব্যবস্থা ও ফায়ার সার্ভিস আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন পদ্মা অয়েল ডিপোর শ্রমিক গোলাপ মিয়া (২৯), ফজল মিয়া (৬০), মো. শফিউদ্দিন (৫৯), মো. মোজাম্মেল (৫০) ও নাজমুল হোসেন (২৫)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ কার্যালয়ের ফখরুল আলম প্রথম আলোকে বলেন, সকাল ৯টার দিকে গোদনাইলে অবস্থিত পদ্মা অয়েল ডিপোর পাম্প হাউসে আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর পেয়ে তাঁদের তিনটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তবে ডিপোর নিজস্ব অগ্নিনির্বাপণব্যবস্থা ও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বেশ কয়েক শ্রমিক আহত হয়েছেন। তাঁদের বার্ন ইউনিটে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। কী কারণে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে ও কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাস্থল পরিদর্শন করা সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, পদ্মা অয়েল ডিপোর পাম্প হাউসের বৈদ্যুতিক মোটর চালু করার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ডিপোর নিজস্ব অগ্নিনির্বাপণব্যবস্থা কাজে লাগিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। আগুনে পাঁচ শ্রমিক আহত হয়েছেন।

এ বিষয়ে পদ্মা ডিপো গোদনাইল শাখার ব্যবস্থাপক (অপারেশন) শাহজাহান কবির চৌধুরী প্রথম আলোকে বলেন, আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। আগুনে পাম্প হাউসের মোটর ও ইলেকট্রনিক তার পুড়ে গেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, আগুনে আহত পাঁচজনের শরীরের বিভিন্ন অংশ অল্প পুড়ে গেছে। তাঁদের মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। একজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।