মাধবদীতে ভাবিকে ছুরিকাঘাতে হত্যা, দেবর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতকড়া
প্রতীকী ছবি

নরসিংদী সদর উপজেলার মাধবদীতে ছুরিকাঘাতে পারুল বেগম (৪০) নামের এক নারীকে হত্যার ঘটনায় করা মামলায় তাঁর দেবর জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মাধবদী থানার আমদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. হেলাল উদ্দিনের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে মাধবদীর আমদিয়া ইউনিয়নের আমদিয়া বাজারসংলগ্ন বাড়ির আঙিনায় ছুরিকাঘাতে নিহত হন গৃহবধূ পারুল বেগম। এ ঘটনায় আজ সকালে তাঁর ভাই মো. সুজন মিয়া (২৬) বাদী হয়ে মামলা করেন। এতে জসিম উদ্দিনসহ ছয়জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও চার–পাঁচজনকে আসামি করা হয়।

গ্রেপ্তার জসিম উদ্দিন (৩৫) আমদিয়া বাজার এলাকার বীর মুক্তিযোদ্ধা দুখু মিয়ার ছেলে ও নিহত পারুল বেগমের স্বামী লোকমান হোসেনের ছোট ভাই।

মামলা সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক ছিলেন জসিম উদ্দিন। এ বিষয়ে স্থানীয় লোকজনের সঙ্গে মুঠোফোনে কথাও বলেন তিনি। তবে কিছুক্ষণ পরপর অবস্থান পরিবর্তন করছিলেন তিনি। গতকাল রাতে তাঁর সঙ্গে মুঠোফোনে কথা বলে পুলিশ। ওই সময় তিনি কথা দেন, আজ বেলা তিনটায় এলাকায় ফিরবেন।

এরপর আজ সন্ধ্যা সাতটার দিকে এলাকায় ফিরে স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিনের বাড়িতে যান জসিম উদ্দিন। পরে সাড়ে সাতটার দিকে ওই বাড়ি থেকে মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) তানভীর আহমেদ তাঁকে গ্রেপ্তার করেন।

এসআই তানভীর আহমেদ প্রথম আলোকে বলেন, আগামীকাল শনিবার জসিম উদ্দিনকে নরসিংদীর আদালতে পাঠানো হবে। মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলা সূত্রে আরও জানা যায়, বাড়িতে হাঁস-মুরগি লালন-পালন করা নিয়ে কয়েক দিন ধরে দুই পরিবারের মধ্যে কলহ চলছিল। এরপর বাড়ির আঙিনায় কাপড় টাঙানো ও একটি গাছ কাটা নিয়ে গতকাল সন্ধ্যা সোয়া ছয়টার দিকে পারুল বেগম ও জসিম উদ্দিনের মধ্যে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে হাতে থাকা একটি ছুরি দিয়ে পারুল বেগমের পিঠে আঘাত করেন জসিম। স্বজনেরা দ্রুত তাঁকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।