যশোরে ডেঙ্গুতে দুজনের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন আরও ২১ রোগী
যশোরে চলতি মৌসুমে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন আরও নয়জন। আজ শনিবার দুপুর ১২টার দিকে যশোর সিভিল সার্জন কার্যালয়ের মিডিয়া সেল থেকে এই তথ্য জানানো হয়।
সিভিল সার্জনের কার্যালয়ের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি মৌসুমে যশোরে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০৮–এ। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়িতে রয়েছেন ৮৬ জন। জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ২১ জন।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যাওয়া দুজন হলেন জেলার চৌগাছা উপজেলার কয়ারপাড়া গ্রামের সমীর কর্মকারের স্ত্রী দোলন কর্মকার (৩৩) ও বাঘারপাড়া উপজেলার গৌরনগরের আবদুল গফফার (৬৫)। তাঁদের মধ্যে ১১ জুলাই একজন ও ১২ জুলাই আরেকজনের মৃত্যু হয়।
যশোরের সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, ডেঙ্গুতে আক্রান্ত দুজন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দুজনই স্থানীয়ভাবে আক্রান্ত ছিলেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, যশোর জেনারেল হাসপাতালের ডেঙ্গু কর্নারে বর্তমানে ১১ জন আক্রান্ত রোগী ভর্তি আছেন। এর মধ্যে গতকাল শুক্রবার দুপুর থেকে আজ দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় দুজন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া কেশবপুর স্বাস্থ্য কমপ্রেক্সে পাঁচজন, অভয়নগরে দুজন, শার্শা, মনিরামপুর ও চৌগাছা উপজেলায় একজন করে রোগী ভর্তি আছেন।
সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, যশোরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আছে। খারাপ হতে পারে, এমন আশঙ্কায় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যশোর জেনারেল হাসপাতালসহ প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু কর্নার খোলা হয়েছে। সেখানে একজন করে চিকিৎসককে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে পৌরসভার মেয়রকে মশকনিধন ওষুধ ছিটাতে অনুরোধ করা হয়েছে।
এদিকে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়লেও যশোর শহরে মশকনিধনে পৌরসভার পক্ষ থেকে কার্যকরী কোনো পদক্ষেপ এখনো গ্রহণ করা হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এ ব্যাপারে যশোর পৌরসভার মেয়র হায়দার গনি খান বলেন, ভারত থেকে মশকনিধনের ওষুধ আমদানি করা হচ্ছে। ওই ওষুধ আনার পরে চলতি মাসের শেষে ৯টি ওয়ার্ডে একসঙ্গে মশকনিধন কার্যক্রম শুরু করা হবে।