বগুড়ায় বাড়িতে ঢুকে অবসরপ্রাপ্ত নারী ব্যাংক কর্মকর্তাকে গলা কেটে হত্যা

গলা কেটে হত্যাপ্রতীকী ছবি

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় নিজ বাড়িতে ঢুকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা শাহনাজ বেগমকে (৭০) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্র জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মহব্বত নন্দীপুর গ্রামে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে শাহনাজ বেগমের গলা কেটে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত সাড়ে আটটার দিকে চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ওসি মো. শাহীনুজ্জামান প্রথম আলোকে বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।