কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির ৬৫ হাজার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা শিক্ষা বোর্ড
ফাইল ছবি

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৬ জেলার ২৭ হাজার ৬০ জন পরীক্ষার্থী উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে। এই পরীক্ষার্থীরা মোট ৬৫ হাজার ৪০টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করাতে চায়। কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম আজ মঙ্গলবার সকালে বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।

শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই এ বছরের এসএসসির ফল প্রকাশের পরদিন থেকে শিক্ষার্থীরা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন শুরু করে। মোট ২৪টি বিষয়ের উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করার আবেদন করেছে শিক্ষার্থীরা। এর মধ্যে সবচেয়ে বেশি ৮ হাজার ৪৪০টি আবেদন জমা পড়েছে গণিতে।

কুমিল্লার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এ বছর এসএসসি পাস করেছে রায়া আলী। সে বলে, ‘আমার জীববিজ্ঞানে জিপিএ-৫ আসেনি। এ জন্য পুনর্নিরীক্ষণের আবেদন করেছি। পরীক্ষা ভালো দিয়েছি, কিন্তু জিপিএ-৫ না পাওয়ায় মন খারাপ। তাই আবেদন করেছি।’

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. জামাল নাছের বলেন, আবেদন করা উত্তরপত্রগুলো পুনর্নিরীক্ষণের নীতিমালা অনুযায়ী যথাযথভাবে যাচাই-বাছাই শেষে ২৮ আগস্ট ফল প্রকাশিত হবে। ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ৩১ আগস্ট কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে।