নিখিল-সান্ত্বনা দম্পতিকে ১০১টি বই উপহার দিল নগদ

১০১টি বই উপহার পেয়ে উচ্ছ্বসিত নিখিল-সান্ত্বনা দম্পতি। শুক্রবার বিকেলে বগুড়ার শহরের ঠনঠনিয়া পশ্চিমপাড়ায় ভাড়া বাসায়
ছবি: প্রথম আলো

বিয়ের কাবিননামায় দেনমোহর হিসেবে ১০১টি বই নিয়ে আলোচনায় আসা বগুড়ার তরুণ নিখিল নওশাদ ও শিক্ষক সান্ত্বনা খাতুন দম্পতিকে বিশ্বসেরা লেখকদের ১০১টি উপহার দিয়েছে আর্থিক মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ নবদম্পতির জন্য উপহার হিসেবে ১০১ বই পাঠিয়েছেন।

নগদের বগুড়ার আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক মোস্তফা আমির মিশকাত শুক্রবার বিকেলে শহরের ঠনঠনিয়া পশ্চিমপাড়ায় ভাড়া বাসায় নিখিল-সান্ত্বনার নতুন সংসারে উপহারের এসব বইয়ের প্যাকেট পৌঁছে দেন। এ সময় নবদম্পতির জন্য নিয়ে আসা কেক কেটে নগদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

বিশ্বের নামীদামি লেখকের ১০১টি বই উপহার পেয়ে ভীষণ উচ্ছ্বসিত নিখিল-সান্ত্বনা দম্পতি। তৎক্ষণাৎ প্যাকেট খুলে উপহারের বইয়ের পাতা উল্টে দেখেন এবং উচ্ছ্বাস প্রকাশ করেন তাঁরা।

শিক্ষক সান্ত্বনা খাতুন বলেন, ‘গুনে গুনে বিয়ের সাত দিন। ভাড়া বাসায় উঠেছি। নতুন সংসার এখনো গোছানো হয়নি। শুক্রবার ছুটির বিকেলে ঘরদোর গোছাতেই ব্যস্ত ছিলাম।  হঠাৎ কেক আর উপহারের ১০১টি বইয়ের বিশাল বড় প্যাকেট নিয়ে বাসায় হাজির হন নগদের কর্মকর্তারা। প্যাকেট খুলতেই স্বপ্ন মনে হয়েছিল। বিশ্বসেরা জনপ্রিয় লেখকের বাছাই করা দুর্লভ সব বই। সবই আমার প্রিয় বই। এর মধ্যে বেশ কিছু বই কেনার স্বপ্ন ছিল কিন্তু কোথাও এত দিন খুঁজে পাইনি। আমার কাছে তো বটেই, আমাদের নতুন জীবনের জন্য এই ১০১ বই সেরা উপহার। নগদের প্রতি অকৃত্রিম কৃতজ্ঞতা। নগদের উপহারের এসব বই পারিবারিক গ্রন্থাগারে সাজিয়ে রাখব।’
সান্ত্বনা খাতুন বলেন, ১০১টি বইয়ের মধ্যে লিও তলস্তয়ের লেখা ‘ওয়ার অ্যান্ড পিস’, সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘প্রথম আলো’, ম্যাক্সিম গোর্কির কালজয়ী উপন্যাস ‘মা’ এবং বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক আনিসুল হকের লেখা ‘মা’ বইটি আছে।

১০১টি বই তো উপহার পেলেন, নিখিলের কাছে দেনমোহরের ১০১টি বইয়ের কী হবে—এমন প্রশ্নের জবাবে সান্ত্বনা খাতুন  বলেন, ‘দেনমোহরের ১০১টি বই নিখিলের কাছ থেকে অবশ্যই বুঝে নেব। উপহারের এই বই নগদের ভালোবাসা।’ এ সময় নিখিল কথা কেড়ে নিয়ে বলেন, ‘নগদ ভালোবাসার ডালাভর্তি ১০১টি বই পাঠিয়েছে আমাদের নতুন সংসারে। এ ভালোবাসার ঋণ শোধ হওয়ার নয়। উপহারের এসব বই সান্ত্বনার একার নয়, আমারও। তবে মালিকানা চাই না, সব বই পড়তে দিলেই খুশি।’

নিখিল ও সান্ত্বনা দম্পতিকে নগদের পক্ষ থেকে ১০১টি বই উপহার দেওয়া হয়। শুক্রবার বিকেলে বগুড়ার শহরের ঠনঠনিয়া পশ্চিমপাড়ায় ভাড়া বাসায়
ছবি: প্রথম আলো

নিখিল নওশাদ বগুড়ার তরুণ কবি। তিনি ‘বিরোধ’ নামের একটি ছোট কাগজের সম্পাদক। এক দশক ধরে কবিতা লেখালেখি করছেন। অন্যদিকে সান্ত্বনা খাতুন বগুড়া শহরের উত্তর চেলোপাড়া দাখিল মাদ্রাসার ইংরেজির শিক্ষক। দুজনই পড়াশোনা করেছেন বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে। সোনাতলা উপজেলার কামালেরপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমানের মেয়ে সান্ত্বনা। নিখিলের বাড়ি বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নে। ২০১৪ সালে একটি ছোট কাগজে নিখিলের কবিতা ছাপা হয়। এরপর প্রতিক্রিয়াশীল একটি গোষ্ঠীর রোষানলে পড়তে হয় তাঁকে। মামলা হয়। পুলিশ তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। প্রায় চার মাস কারাবাসের পর মুক্তি পান তিনি। ২০১৯ সালে মামলার রায়ে আদালত তাঁকে খালাস দেন।

কবিতার সূত্র ধরেই পরিচয় হয় নিখিল-সান্ত্বনার। পরিচয় থেকে ভালো লাগা, ভালোবাসা। শেষে দুজনই বিয়ের সিদ্ধান্ত নেন। সান্ত্বনা শর্ত দেন, দেনমোহর হিসেবে ১০১টি প্রিয় বই উপহার দিতে হবে। প্রিয় বইয়ের তালিকাও দেন নিখিলের হাতে। তবে ঢাকা ও বগুড়ার বিভিন্ন দোকান ঘুরেও সব বই সংগ্রহ করতে পারেননি নিখিল।

কাবিননামায় ১০১টি বই দেনমোহর লিখতে চাইলে প্রথমে এক কাজি রাজি হননি। পরে বই বাবদ ২ লাখ ২ হাজার টাকা দেনমোহর ধার্য করে ১৬ সেপ্টেম্বর নিখিল-সান্ত্বনার বিয়ে সম্পন্ন হয়।