জাহাঙ্গীরনগরে মুগ্ধতা ছড়ানো প্রজাপতি মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৩তম প্রজাপতি মেলায় শিশু–কিশোরদের নিয়ে এসেছে অভিভাবকেরা।শুক্রবার বিকেল সোয়া পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে
ছবি: প্রথম আলো

ছোট্ট শিশু মনিরা উপমা। প্রজাপতি হওয়ার ইচ্ছা তার। সে বলছিল, ‘প্রজাপতির ডানা থাকে। আমি প্রজাপতি হলে ডানা থাকবে। সে ডানায় ভর করে উড়ে বেড়াতে পারব। তাই আমি প্রজাপতি হতে চাই।’ শিশু উপমার মতো আরও শত শত শিশু এসেছে প্রজাপতি মেলায়। অভিভাবকদের হাত ধরে রংবেরঙের সাজে এসেছিল এই শিশু-কিশোরেরা। তাদের হাতে ছিল নানা রঙের ফেস্টুন। কেউ কেউ পরেছিল মুখোশ। কারও গালে আঁকা প্রজাপতির প্রতিচ্ছবি। তরুণ-তরুণীরা এসেছিলেন লাল-নীল শাড়ি-পাঞ্জাবি পরে। বাদ যাননি প্রবীণেরাও।

আজ শুক্রবার সকাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে প্রজাপতি মেলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে আসা দর্শনার্থীদের ভিড় দেখা যায়। তাঁরা সবাই এসেছিলেন রংবেরঙের প্রজাপতি দেখতে। প্রজাপতির ডানায় নানা রঙের সমাহার মাতিয়ে তোলে দর্শনার্থীদের। তাই তো শিশু-কিশোরদের মনে প্রজাপতি হওয়ার সাধ জাগে।

দুই মেয়ে ও স্ত্রীকে সঙ্গে নিয়ে মেলা দেখতে এসেছিলেন সাভারে বেসরকারি ব্যাংকের কর্মকর্তা শামীম হায়দার। তিনি বলেন, ‘ছোটবেলায় গ্রামে বড় হওয়ার কারণে প্রজাপতির পেছনে কত ছুটেছি। আমাদের সেই সব দিন আর ফিরবে না। সময়ের পরিবর্তনে এখন আর প্রজাপতির দেখা মেলে না। মেয়েদের নিয়ে এসেছি প্রজাপতি দেখানোর জন্য। তারা খুবই উচ্ছ্বসিত। একসঙ্গে এত প্রজাপতি কখনো দেখেনি তারা।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৩তম প্রজাপতি মেলায় রং-রংয়ের প্রজাপতি দেখতেছেন দর্শনার্থীরা। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে
ছবি: প্রথম আলো

‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ স্লোগানে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার উদ্যোগে ১৩তম এই প্রজাপতি মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌসুমী টয়লেট্রিজের চেয়ারম্যান রাজীব উদ্দিন আহমেদ, প্রজাপতি মেলার আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন, বার্ড ক্লাবের সভাপতি ইনাম আল হক, বন সংরক্ষণ বিভাগের কর্মকর্তা জাহিদুল ইসলাম, আইইউসিএনের সারোয়ার আলম প্রমুখ।

প্রজাপতি মেলার আহ্বায়ক অধ্যাপক মনোয়ার হোসেন বলেন, ‘প্রজাপতি সুন্দর, বর্ণিল একটি পতঙ্গ। প্রকৃতিতে এটার প্রধান কাজ উদ্ভিদের পরাগায়নে সাহায্য করা। এর মাধ্যমেই উদ্ভিদ বংশবিস্তার করতে সক্ষম হয়। প্রজাপতি টিকে থাকলে সবুজ বন টিকে থাকবে। আর সবুজ বন টিকে থাকলে আমরা অনেক ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে পারব। সে জন্য এই মেলায় সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানাই, আসুন প্রজাপতি দেখি, প্রজাপতির ভূমিকা জানি। সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে প্রকৃতি সংরক্ষণ করা, বনাঞ্চল সংরক্ষণ করা, প্রজাপতিকে টিকিয়ে রাখার মতো বিষয়গুলো নিয়ে সচেতনতা তৈরি করতে হবে।’

বন্য প্রাণী ও প্রজাপতি সংরক্ষণে সার্বিক অবদানের জন্য এবারের মেলায় বাটারফ্লাই অ্যাওয়ার্ড পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম এবং বাটারফ্লাই ইয়াং ইনথুসিয়াস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. জহির রায়হান।

এবারের মেলায় দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে ছিল শিশু-কিশোরদের জন্য ছবি আঁকা প্রতিযোগিতা, প্রজাপতি ও প্রকৃতিবিষয়ক কুইজ প্রতিযোগিতা, ‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ শিরোনামে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, প্রজাপতি চেনা প্রতিযোগিতাসহ আরও নানা আয়োজন।