ঝালকাঠির সুস্বাদু আমড়ায় বাজিমাত, চাষিরা খুশি

ঝালকাঠির সুস্বাদু আমড়ার দেশজুড়ে খ্যাতি রয়েছে। বরিশালের আমড়া বলতে এই জেলার উৎপাদিত আমড়াকেই বোঝায়।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠি সদরের কীর্তিপাশা ইউনিয়নের ভীমরুলী গ্রামের আমড়াচাষি হরিবর রায়ের দুটি বাগানে প্রায় ৫০০ গাছে এবার প্রচুর আমড়া হয়েছে। একেকটি গাছে গড়ে তিন হাজার টাকার আমড়া বিক্রি করা যায়। সে হিসাবে তাঁর আমড়া বিক্রি হবে প্রায় ১৫ লাখ টাকা। তিনি বলেন, ‘আমড়া চাষ বেশ লাভজনক। উৎপাদন খরচ কম হওয়ায় আমাদের অঞ্চলে দিন দিন আমড়ার চাষ বেড়ে চলছে।’

ঝালকাঠিতে প্রতিবছরের মতো এবারও আমড়ার উৎপাদন ভালো হয়েছে। পদ্মা সেতু পেরিয়ে দ্রুত দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করার কারণে ভালো দাম পাওয়ায় হরিবর রায়ের মতো আমড়াবাগানের মালিক অনেক কৃষক দারুণ খুশি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, ঝালকাঠির সুস্বাদু আমড়ার দেশজুড়ে খ্যাতি রয়েছে। বর্ষা মৌসুমের ফলটি স্থানীয় বহু মানুষের আয়ের প্রধান উৎস।এ জেলার উৎপাদিত আমড়া শুধু ঢাকা নয়, দেশের প্রায় সব জেলায় সরবরাহ করা হয়। দিন দিন এর চাহিদা বেড়েই চলছে।

আমড়া ব্যবসায়ীরা বলছেন, পদ্মা সেতু চালুর ফলে রাজধানীর সঙ্গে যোগাযোগব্যবস্থা সহজ হয়েছে। তাই আমড়া তিন থেকে চার ঘণ্টার ব্যবধানে পৌঁছে যাচ্ছে ঢাকাসহ বড় বড় শহরে। আর এতে ভালো লাভবান হচ্ছেন আমড়াচাষি ও ব্যাপারীরা।

দক্ষিণের জনপদ ঝালকাঠির আবহাওয়া ও জলবায়ু আমড়া চাষের উপযোগী। ফলে এখানকার আমড়া আকারে অনেকটা বড়, খেতেও বেশ সুস্বাদু। মান বেঁধে প্রতিটি গাছের ফল বিক্রি হয় তিন হাজার টাকায়। অন্যদিকে তেমন কোনো পরিচর্যা এবং সার-কীটনাশক ছাড়াই এর ফলন পাওয়া যায়। মৌসুমে বাজার ছাড়াও পথে পথে প্রচুর বিক্রি হয় আমড়া।

কৃষি বিভাগ বলছে, উৎপাদন খরচ কম হওয়ায় দিন দিন বেড়েই চলছে আমড়ার চাষ। ঝালকাঠি জেলায় এ বছর ৬০২ হেক্টর জমিতে আমড়ার ফলন হয়েছে। মৌসুম শেষে মোট উৎপাদন হবে ৪ হাজার ৮৭৪ মেট্রিক টন, যা বরিশাল বিভাগের অন্য সব জেলার চেয়ে বেশি।

বর্তমানে মৌসুম শুরুতে ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকা মণ দরে পাইকারি আমড়া কিনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছেন পাইকারি ব্যবসায়ী ও আড়তদারেরা। মৌসুম শেষে দাম আরও বেড়ে যাবে।

ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনিরুল ইসলাম বলেন, ‘দবরিশালের আমড়া নামে সরবরাহ হওয়া ফলটির বেশির ভাগ জোগান হয় ঝালকাঠি জেলা থেকে। উৎপাদন খরচ কম হওয়ায় প্রতিবছর বেড়েই চলছে আমড়া চাষ। দ্রুত পচনশীল না হওয়ায়ভোক্তা পর্যায়ে পৌঁছে দিতে সময় পাওয়া যায়। ফলে আমড়া চাষ বেশ লাভজনক।