মাদারীপুরে দেয়ালধসে স্কুলছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুর জেলার মানচিত্র

মাদারীপুরে নির্মাণাধীন দেয়াল ধসে আইরিন আক্তার (৯) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের খামারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আইরিন আক্তার (৯) ওই এলাকার আউয়াল মিয়ার মেয়ে ও স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও কয়েকজন স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, আইরিন তার বন্ধুদের সঙ্গে বাড়ির উঠানে খেলা শুরু করে। এ সময় রাজ্জাক হাওলাদারের নির্মাণাধীন দেয়ালের কাছে গিয়ে দাঁড়ায় আইরিন ও তার তিন বন্ধু। হঠাৎ দেয়ালটিতে ধস হয়। এতে আহত হয় চারজন। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে এলে আইরিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী জানান, এ ব্যাপারে পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।