সিলেটে শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রীদের উত্যক্ত ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার দুপুরে হাসপাতালের সামনে
ছবি: প্রথম আলো

সিলেটের দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

সোমবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক (এসআই) শাহীন কবির মামলাটি করেন। এতে অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে।

এদিকে ছাত্রীদের উত্ত্যক্ত ও হামলার প্রতিবাদে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আজ দুপুরে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

এ সময় তাঁরা নিজেদের নিরাপত্তা ও হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। এ কর্মসূচিতে নর্থ ইস্ট মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষানবিশ চিকিৎসকেরা অংশ নেন।

সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার প্রথম আলোকে বলেন, সংর্ঘষের ঘটনায় থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) মাঈন উদ্দিনসহ চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ পুলিশ অ্যাসল্ট মামলা দায়ের করা হয়েছে।

গতকাল রোববার রাতে দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিকেল কলেজের দুই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগ ওঠে।

আরও পড়ুন

এ ঘটনায় হাসপাতালের পাশের সুমাইয়া কমপ্লেক্সে মুন্না ও বাদশা টেলিকম নামের দুটি ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের বাগ্‌বিতণ্ডা হয়। পরে স্থানীয় ব্যবসায়ীরা একত্র হয়ে এগিয়ে এলে শিক্ষার্থীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে দক্ষিণ সুরমা থানার সহকারী পুলিশ সুপারসহ চার পুলিশ সদস্য আহত হন। এ ছাড়া উভয় পক্ষের ১০ জন আহত এবং সংঘর্ষ চলাকালে যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে।

নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের একজন কর্মকর্তা বলেন, হামলায় মেডিকেল কলেজের পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁদের  চিকিৎসা দেওয়া হয়েছে।