পাহাড়ের মাটি ইটভাটায়, এক লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পাহাড়ের মাটি কেটে ইটভাটায় ব্যবহারের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সকালে উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী এ আদালত পরিচালনা করেন।

এ ছাড়া একই সময় ফুলতলা বাজার এলাকায় রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর দায়ে তিনটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি মোটরসাইকেলের চালককে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পাহাড়ের মাটি ইটভাটায় ব্যবহারের তথ্য পেয়ে এওচিয়ার ছনখোলা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় কাজীর মসজিদ ব্রিকস (কেএমবি) নামের একটি ইটভাটায় পাহাড়ের মাটি ব্যবহারের দায়ে আবদুর রহিম নামের (৫২) এক ভাটা মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ অনুযায়ী এই জরিমানা করা হয়েছে। এ ছাড়া সড়ক পরিবহন আইনে ফুলতলা বাজার এলাকায় পাঁচজন চালককে তিন হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।