গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ, মহাসড়কে চলাচলে বিঘ্ন

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে একটি সোয়েটার কারখানার শ্রমিকেরা বিক্ষোভ মিছিল করেছেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার এলাকায়ছবি : প্রথম আলো

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে একটি সোয়েটার কারখানার শ্রমিকেরা বিক্ষোভ মিছিল করেছেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার এলাকায় তাঁরা এ কর্মসূচি শুরু করেন। পরে বেলা তিনটার দিকে তাঁরা সড়ক থেকে সরে যান।

গাজীপুর নগরের গাছা এলাকার উইন্টার উল সোয়েটার লিমিটেড (দায়ু বাংলাদেশ শাখা), ইউনিট-৩ হারিকেন রোড কারখানার শতাধিক শ্রমিকের দুই মাসের বেতন-ভাতা বকেয়া আছে। বকেয়া পরিশোধের দাবিতে তাঁরা বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কে নেমে আসেন। এ সময় তাঁরা সড়কের এক পাশ বন্ধ রেখে মিছিল করলে যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়। মিছিল চলাকালে শ্রমিকদের ‘বেতন চাই, বেতন চাই’ ও ‘বকেয়া বেতন দিতে হবে’—এমন স্লোগান দিতে দেখা যায়।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন। এতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়নি, তবে ধীরগতিতে চলেছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন করা হয়। মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে আলোচনা করে বেতন পরিষদের আশ্বাস দিলে বেলা তিনটার দিকে তাঁরা মহাসড়ক ছেড়ে দেন।

এদিকে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের গাজীপুর মহানগর শাখার সভাপতি শফিউল আলম শ্রমিকদের বকেয়া বেতন দ্রুত পরিশোধের দাবি জানিয়েছেন। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

তবে এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।