ফরিদপুরে বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে গ্রেপ্তার
ফরিদপুরের ভাঙ্গায় বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে নাইম ফকিরকে (২০) গ্রেপ্তার করেছে র্যাব। আজ মঙ্গলবার সকালে ঢাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব–৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল।
এর আগে গত শনিবার রাত সাড়ে আটটার দিকে নাইম তাঁর বাবা কিবরিয়া ফকিরকে (৫৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। রাত নয়টার দিকে গুরুতর জখম অবস্থায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত কিবরিয়া ফকির ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর মহল্লার মৃত আদেল ফকিরের ছেলে। কিবরিয়ার তিন ছেলের মধ্যে নাইম মেজ। তিনি ভাঙ্গা বাজারে একটি খাবারের হোটেলে কাজ করেন।
স্বজনেরা জানান, বাবা ও মায়ের কলহের একপর্যায়ে বাবাকে কুপিয়ে জখম করেন ছেলে নাইম ফকির।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, এ ঘটনায় ১২ ডিসেম্বর নিহত কিবরিয়ার ভাই মো. দেলোয়ার ফকির (৬৪) বাদী হয়ে নাইমকে একমাত্র আসামি করে একটি হত্যা মামলা করেন। বাবাকে কুপিয়ে জখম করার পর নাইম পালিয়ে গিয়েছিলেন। আজ সকালে তাঁকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব–৮–এর একটি দল।