পাওনা টাকা চাইতে গিয়ে খালুর হাঁসুয়ার আঘাতে আঙুল হারালেন তরুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গা জেলার মানচিত্র

চুয়াডাঙ্গায় দামুড়হুদা উপজেলায় পাওনা টাকা চাইতে গিয়ে বাঁ হাতের বুড়ো আঙুল হারিয়েছেন লাহাবুল ইসলাম (২০) নামের এক তরুণ। তাঁর খালু এনামুল হকের ধারালো হাঁসুয়ার আঘাতে আঙুলটি হাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

শুক্রবার বিকেলে উপজেলার দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। অভিযুক্ত এনামুল হকের বাড়ি দর্শনা শাপলা পার্ক এলাকায়।

আহত লাহাবুল দক্ষিণ চাঁদপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লাহাবুলের স্বজনদের উদ্ধৃতি দিয়ে দর্শনা থানার পুলিশ জানায়, লাহাবুল তাঁর খালু এনামুল হককে কিছু টাকা ধার দিয়েছিলেন, যা পরিশোধ না করে দীর্ঘদিন ধরে টালবাহানা করছিলেন এনামুল। লাহাবুল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে পাওনা টাকা চাইতে শাপলা পার্ক এলাকায় যান।

সেখানে তাঁর সঙ্গে এনামুল তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে হাতে থাকা ধারালো হাঁসুয়া দিয়ে মাথায় আঘাত করতে গেলে লাহাবুল বাঁ হাত দিয়ে তা ঠেকাতে যান। এ সময় তাঁর হাত থেকে বুড়ো আঙুল বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে যায়। ঘটনার পরপরই এনামুল পালিয়ে যান।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত এনামুলকে ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।