ফরিদপুরে মাদক মামলায় এক নারীর যাবজ্জীবন

কারাগার
প্রতীকী ছবি

ফরিদপুরে মাদক মামলায় এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজের দ্বিতীয় আদালতের বিচারক শিয়াবুল ইসলাম আজ রোববার বেলা তিনটার দিকে এ রায় দেন।

সাজা পাওয়া নারীর নাম রোকেয়া বেগম (৫৫)। তিনি যশোরের বেনাপোল থানার ভবের বেড় গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। তিনি দীর্ঘদিন ধরে পলাতক।

২০১৭ সালের ১৬ জুন মামলার সংক্ষিপ্ত বিবরণী সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৫ জুন দিবাগত রাত পৌনে একটার দিকে কামারখালী বাজার এলাকার বেনাপোল-ঢাকাগামী সোহাগ পরিবহনের গাড়ি তল্লাশি করে ১০০ গ্রাম হেরোইনসহ রোকেয়া বেগমকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পরদিন ফরিদপুর মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রোকেয়ার বিরুদ্ধে একই থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ফরিদপুর মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন ওই নারীর বিরুদ্ধে ২০১৭ সালের ৭ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই আদালতের পিপি সানোয়ার হোসেন জানান, রোকেয়া বেগমের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালতের বিচারক।