বিজয়ের মাস এলেই খেপে যায় বিএনপি-জামায়াত: সংস্কৃতি প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বিংশ শতাব্দীর প্রেক্ষাপটে বাংলাদেশ গণহত্যা: পরিণাম, প্রতিরোধ ও ন্যায়বিচার’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ
ছবি: পিআইডি

প্রতিবছর ডিসেম্বর মাসকে বিএনপি–জামায়াত আন্দোলন সংগ্রামের জন্য বেছে নেয় মন্তব্য করে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ডিসেম্বর বিজয়ের মাস। এই মাস এলেই খেপে যায় বিএনপি-জামায়াতের লোকজন। আজ খুলনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ‘বিংশ শতাব্দীর প্রেক্ষাপটে বাংলাদেশ গণহত্যা: পরিণাম, প্রতিরোধ ও ন্যায়বিচার’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। ওই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।

কে এম খালিদ বিএনপির নেতা–কর্মীদের প্রশ্ন রেখে বলেন, ‘এই ডিসেম্বর মাসে কী এমন ঘটেছিল যে এই মাসেই আন্দোলন করতে হবে? ১৯৭১ সালের এই ডিসেম্বরের ১০ তারিখ থেকে দেশের বুদ্ধিজীবীদের হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল। তাহলে আবার আপনারা কি রক্তাক্ত ডিসেম্বরকে ফিরিয়ে আনতে চাইছেন? এই বিজয়ের মাসে নতুন প্রজন্ম আমাদের স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে জানতে চায়, তাঁরা দেশপ্রেমে উজ্জীবিত হতে চায়, তাঁরা বিজয়ের আনন্দ প্রকাশ করতে চায়। আর সেই ডিসেম্বর মাসেই আপনাদের আন্দোলন করতে হবে? আন্দোলনের তো অন্য সময় আছে, তাহলে ডিসেম্বরে কেন? আর কি সময় ছিল না?’

প্রতিমন্ত্রীর মন্তব্য, বিজয়ের মাস এলেই বিএনপি-জামায়াতের মাথায় বাজ পড়ে এবং তাঁরা দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে যায়। ইতিহাস ফিরে ফিরে আসে উল্লেখ করে মন্ত্রী বলেন, জিয়াউর রহমানের প্রত্যক্ষ সহযোগিতায় ও পরোক্ষ নির্দেশনায় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছিল। জিয়াউর রহমানের হাতে ছিল বঙ্গবন্ধু খুনের রক্ত। তাঁর স্ত্রী খালেদা জিয়া বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করেছিলেন। তাঁর হাতে লেগে আছে আইভি রহমানকে হত্যার রক্ত। আর তাঁদের ছেলে তারেক রহমানের হাতে লেগে আছে আইভি রহমানসহ ২৪ জন আওয়ামী লীগ নেতাকে হত্যার রক্ত।

মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে সর্ববৃহৎ গণহত্যা হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, জাপানে পারমাণবিক বোমা হামলায় ১ লাখ ৪৭ হাজার মানুষ মারা গিয়েছিল। এর পরই পৃথিবীতে সর্ববৃহৎ গণহত্যা সংঘটিত হয়েছে খুলনার চুকনগরে। এর বাইরেও দেশের বিভিন্ন এলাকায় গণহত্যা করেছে পাকিস্তানি বাহিনী। তিনি আরও বলেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত থেকে আজকের সম্মেলনে অনেকেই এসেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সাহায্য ও সহযোগিতার কথা আমরা ভুলিনি। ভারত আমাদের ১ কোটি মানুষকে আশ্রয় দিয়েছিল এবং দেশ স্বাধীন হওয়ার পরে পাকিস্তানের কারাগার থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তির জন্য ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অবদান ছিল।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্টের সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন। তিনি বলেন, বিদেশি ডেলিগেটদের মাধ্যমে বাংলাদেশের গণহত্যার চিত্র আন্তর্জাতিকভাবে পৌঁছে দেওয়া হয়েছে। এই গণহত্যার ব্যাপারটির আন্তর্জাতিকভাবে স্বীকৃতি আদায়ের চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের গণহত্যা নিয়ে একটি সমীক্ষা করা হয়েছে, তাতে দেখা গেছে, বাংলাদেশের প্রতি বর্গমাইলে গণহত্যা ও গণধর্ষণের ঘটনা ঘটেছে।

গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণাকেন্দ্র এবং ইতিহাস সম্মিলনীর উদ্যোগে ওই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক মাহবুবর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন ভারতের জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সঞ্জয় কে ভরদ্বাজ। দুই দিনব্যাপী সম্মেলনের চারটি অধিবেশনে দেশ-বিদেশের প্রায় ২০ জন গবেষক ও বিশেষজ্ঞের বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, গণহত্যা ও বঙ্গবন্ধুর ওপর প্রবন্ধ উপস্থাপন করার কথা রয়েছে।