প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী সভা করায় জরিমানা, খিচুড়ি জব্দ
টাঙ্গাইলের মির্জাপুরে প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী সভার আয়োজন করায় এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে কর্মী-সমর্থকদের জন্য আয়োজিত খাবার জব্দ করা হয়েছে। গতকাল শনিবার রাতে এ আদালত পরিচালনা করেন মির্জাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান।
আদালত সূত্র ও এলাকাবাসী জানান, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার মহেড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ফিরোজ হায়দার খানের সমর্থনে সমাবেশের আয়োজন করা হয়। ফিরোজ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সাবেক সদস্য এবং বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি। সমাবেশে সভাপতি ছিলেন উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মো. তোজাম্মেল হোসেন।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় ফিরোজ হায়দার সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান সেখানে হাজির হন। তিনি সভার সভাপতি তোজাম্মেল হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করেন। সেই সঙ্গে সভায় উপস্থিতি কর্মী-সমর্থকদের জন্য আনা ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ করেন। জব্দ করা খিচুড়ি উপজেলার জামুর্কী কাচারিবাড়ি মাদ্রাসার শিক্ষার্থীদের ২৫০ প্যাকেট, কদিমধল্যা মাদ্রাসায় ১০০ প্যাকেট ও দেওহাটা মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ১৫০ প্যাকেট বিতরণ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাসুদুর রহমান বলেন, প্রতীক বরাদ্দ ও নিয়মানুযায়ী প্রচারণা শুরুর আগেই সভার আয়োজন বেআইনি, যা নির্বাচনী আচরণবিধি ভঙ্গের শামিল। কেউ আচরণবিধি ভঙ্গ করলে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে।