সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু
সিলেটে হামের উপসর্গ নিয়ে এক দিনে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে গত ১৮ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল।
আজ রোববার সকাল ৯টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) দুই শিশুর মৃত্যু হয়। এর আগে গত শুক্রবার এক দিনে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তিন শিশুর মৃত্যু হয়েছিল। বিষয়টি নিশ্চিত করেছেন এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ সকাল নয়টার দিকে হাসপাতালের পিআইসিইউতে সিলেটের গোলাপগঞ্জের তাহা নামের এক শিশুর মৃত্যু হয়। মারা যাওয়া শিশুটির নিউমোনিয়ার পাশাপাশি হামের উপসর্গ ছিল। এর আগে ২৪ এপ্রিল শিশুটিকে ভর্তি করা হয়েছিল। প্রায় একই সময়ে সুনামগঞ্জের জগন্নাথপুরের দেড় বছর বয়সী ওয়াজিহা নামের এক শিশুর মৃত্যু হয়। মারা যাওয়া শিশুটির নিউমোনিয়া, হার্ট ফেইলিউর ও হামের উপসর্গ ছিল।
আজ সিলেট স্বাস্থ্য বিভাগের পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন করে কারও হাম শনাক্ত হয়নি। চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ সকাল ৮টা পর্যন্ত মোট ৮০ জনের হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ২৬ জন, সুনামগঞ্জে ৩২ জন, মৌলভীবাজারে ১৫ জন এবং হবিগঞ্জে ৭ জন। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। আজ সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিল ১৯০টি শিশু।