ফেসবুক পোস্ট নিয়ে বিরোধ মেটাতে গিয়ে হামলার শিকার, পরে কৃষক দল নেতার মৃত্যু

লাশপ্রতীকী ছবি

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় দুই পক্ষের দ্বন্দ্ব মেটাতে গিয়ে কৃষক দলের এক নেতার মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত আটটার দিকে উপজেলার কুল্যাগাছা ভাতুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেম (৪৫) কাপাসহাটিয়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি কুল্যাগাছা ভাতুড়িয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দারা বলেন, গ্রামের একটি বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। গতকাল রাতে এ নিয়ে আবার উত্তেজনা ছড়ায়। এ সময় আবুল কাশেমের বাড়ির পাশে দুই পক্ষের মধ্যে ঝগড়া বাধে। কুল্যাগাছা বাজার থেকে বাড়ি ফিরে তিনি পরিস্থিতি শান্ত করতে এগিয়ে যান। একপর্যায়ে আবুল কাশেমের ওপর হামলা করা হয়। তিনি কিল–ঘুষিতে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় তাঁকে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আবুল কাশেমের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন নেই জানিয়ে হাসপাতালটির জরুরি বিভাগের চিকিৎসক জুবায়ের আহমেদ বলেন, রাত নয়টার দিকে আবুল কাশেমকে হাসপাতালে আনা হয়। ওই সময় তাঁর কোনো পালস পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন, ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে আবুল কাশেমের চাচাতো ভাইদের সঙ্গে প্রতিপক্ষের বিরোধ হয়। আবুল কাশেম বিরোধ মেটাতে গিয়ে চাচাতো ভাইদের বিপক্ষে অবস্থান নেন। পরে দ্বন্দ্ব মেটাতে গিয়ে একটি পক্ষের কিল–ঘুষিতে তিনি অসুস্থ হয়ে মারা যান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখছে।