ঠাকুরগাঁও
হিমাগারের আলুতে পচন
হিমাগারের বস্তা ওলট-পালট না করায় ও লোডশেডিংয়ের সময় জেনারেটর না চালানোয় আলুতে পচন ধরেছে বলে দাবি করেছেন আলুচাষি ও ব্যবসায়ীরা।
ঠাকুরগাঁওয়ের প্রায় সব হিমাগারে সংরক্ষণ করা আলুতে পচন ধরেছে। ৫৫ কেজি ওজনের প্রতিটি বস্তা থেকে ১২ থেকে ১৮ কেজি পচা আলু বের হচ্ছে বলে দাবি করেছেন আলুচাষি ও ব্যবসায়ীরা। তাঁদের ভাষ্য, হিমাগারের বস্তা ওলট-পালট না করায় ও লোডশেডিংয়ের সময় জেনারেটর না চালানোয় আলু পচছে। এ ঘটনায় ক্ষতিপূরণের কোনো উদ্যোগ নেওয় হচ্ছে না। উল্টো হিমাগারের ভাড়ার পুরোটাই দিতে হচ্ছে, যা অযৌক্তিক। তবে হিমাগার কর্তৃপক্ষের দাবি, শিলাবৃষ্টিতে খেতে পানি জমে থাকায় ও মোটা পাটের বস্তায় সংরক্ষণ করায় আলু ক্ষতিগ্রস্ত হয়েছে।
এবার শাহী ও রাহবার হিমাগারে ১০ হাজার ৪০০ বস্তা আলু সংরক্ষণ করেন সদর উপজেলার বালিয়া গ্রামের আলুচাষি সুজন মাহমুদ। সংরক্ষণ করা আলুতে পচন ধরায় দুই হিমাগার কর্তৃপক্ষের নামে থানায় অভিযোগ দিয়েছেন তিনি। এ বিষয়ে সুজন প্রথম আলোকে বলেন, ‘আমি অভিযোগ দেওয়ার পর ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) সাহেব বিষয়টি নিয়ে বসতে চেয়েছিলেন। কিন্তু আর বসেননি।’
মথুরাপুর গ্রামের আলুচাষি নাসিরুল ইসলাম এ কাদের হিমাগারে ৫ হাজার ৭০০ বস্তা আলু রেখেছিলেন। বের করতে গিয়ে ৫০ কেজি ওজনের প্রতিটি বস্তায় পচা আলু বের হয় ১৫ থেকে ২০ কেজি আলু। তিনি বলেন, ‘হিমাগারের কারণে আলুতে পচন ধরেছে। অথচ ভাড়া পুরোটাই নেওয়া হচ্ছে। পচে যাওয়া আলু হিসাব করে ভাড়া মওকুফ করলেও সান্ত্বনা পেতাম।’
জেলার আলুচাষি ও ব্যবসায়ীরা জানিয়েছেন, হিমাগার থেকে বের করার সময় ৫০ থেকে ৫২ কেজি ওজনের প্রতি বস্তা আলুর মধ্যে ১২ থেকে ১৮ কেজি পচা আলু বের হয়েছে। এ ঘটনায় গত ৩ আগস্ট তাঁরা শহরে বিক্ষোভ করে জেলা প্রশাসককে স্মারকলিপি দেন। বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দেন তিনি। তবে তেমন কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। এরপর গত ২৩ আগস্ট পঞ্চগড়-ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে পচা আলু ঢেলে সড়ক অবরোধ করেন তাঁরা। এরপর গত ২৫ আগস্ট শীবগঞ্জের রাজ্জাক হিমাগার কর্তৃপক্ষকে ১ লাখ ও ২৬ আগস্ট মুন্সিরহাটের শাহী হিমাগার ও জায়েন্ট হিমাগার কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন জেলা প্রশাসন।
ঠাকুরগাঁও আলুচাষি-ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হাসিবুল হক বলেন, ‘আন্দোলনের পর জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কয়েকটি হিমাগারকে জরিমানা করে। কিন্তু আমাদের ক্ষতিপূরণে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। হিমাগারমালিকদের জরিমানা করলে চাষি-ব্যবসায়ীদের লাভ কী?’
তবে আলুচাষি ও ব্যবসায়ীদের অভিযোগ অস্বীকার করেছেন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন ঠাকুরগাঁওয়ের সভাপতি মো. আবদুল্লাহ। তিনি প্রথম আলোকে বলেন, গেল মৌসুমে ফসল তোলার সময় শিলাবৃষ্টি ও খেতে পানি জমে থাকায় আলু ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে গরমে পড়ে থাকায় হিট ইনজুরি হয়েছে—এটা পচন বলা ঠিক হবে না। আর মোটা পাটের বস্তায় আলু সংরক্ষণ করায় কারণেও এটা হয়েছে।
গত বৃহস্পতিবার ঠাকুরগাঁও শহরের বাহবার, হিমাদ্রি, হাওলাদার ও শাহী হিমাগারে গিয়ে দেখা যায়, শ্রমিকেরা হিমাগার থেকে আলু বের করে আনছেন। পাশে নারী শ্রমিকেরা চালার নিচে সেসব থেকে পচা আলু খুঁজে বের করে আলাদা করে রাখছেন। রাহবার হিমাগারের নারী শ্রমিক মাহফুজা বেগম বলেন, ‘আগে এক বস্তায় দুই থেকে তিন কেজি পচা আলু বের হতো। এবার কম করে হলেও ১০ থেকে ১২ কেজি পচা বের হচ্ছে।’
সদর উপজেলার শিংপাড়া গ্রামের আলু ব্যবসায়ী নজরুল ইসলাম রাহবার হিমাগারে ১০ হাজার বস্তা আলু সংরক্ষণ করেছিলেন।
সেখানে এখনও তাঁর প্রায় ২ হাজার বস্তা আলু রয়েছে। আলু বাছাইয়ে তদারকির ফাঁকে তিনি বলেন, ৫০ থেকে ৫২ কেজির প্রতি বস্তায় ১২ থেকে ১৫ কেজি আলু পচা বের হচ্ছে।
হিমাদ্রি হিমাগারে কথা হয় আউলিয়াপুর গ্রামের আলুচাষি আল মামুনের সঙ্গে। তিনি শাহী, বারবারসহ কয়েকটি হিমাগারে ৮০০ বস্তা আলু রেখেছিলেন। গড়ে বস্তাপ্রতি ১২ কেজি আলু পচেছে। আল মামুনের দাবি, চাষিরা হিমাগারের ভাড়া নিয়ে যে আন্দোলন করেছিল, এই ক্ষোভে লোডশেডিংয়ের সময় হিমাগারমালিকেরা মেশিন (জেনারেটর) কম চালাচ্ছেন। বস্তা ওলট-পালটও কম করেছে—এ কারণে বেশি আলু পচছে।
হিমাগারের আলু সংক্ষণের বিষয়টি নিয়ে বিড়ম্বনায় রয়েছেন বলে জানিয়েছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো.মাহবুবুর রহমান। তিনি বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মহোদয় বরাবর চিঠি দিয়েছি। পাশাপাশি হিমাগারগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। চাষি-ব্যবসায়ীরা হয়তো এতে তাৎক্ষণিক সুফল পাচ্ছেন না। তবে তাঁরা বাণিজ্য মন্ত্রণালয় থেকে ভালো কোনো সিদ্ধান্ত পাবেন বলে আশা করছি।’
জেলায় ১৬টি হিমাগারে ১ লাখ ৩৯ হাজার ৫৫০ মেট্রিক টন আলু সংরক্ষণ করা যায় বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয়। ২০২১ সালে ঠাকুরগাঁওয়ের হিমাগারে প্রতি কেজি আলু সংরক্ষণে ভাড়া ছিল ৩ টাকা ৫৭ পয়সা। এবার প্রতি কেজি আলুর ভাড়া ৫ টাকা ২০ পয়সা নির্ধারণ করেন হিমাগারমালিকেরা। এর প্রতিবাদে কয়েক দফা বিক্ষোভ করে জেলা প্রশাসক মাহবুবুর রহমানকে স্মারকলিপি দেন তাঁরা। জেলা প্রশাসক সে সময় তাঁদের আশ্বাস দিলেও পরে বিষয়টির সুরাহা করা হয়নি।