ছোট যমুনা নদী পুনঃখনন করে খাল বানানোর অভিযোগ
যেভাবে খনন হচ্ছে, বর্ষা মৌসুম এলে আবার ভরাট হয়ে যাবে পাড় ধসে। সরকারের টাকা পানিতে যাবে।
সাতক্ষীরার কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলা দিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদী পুনঃখননের কাজ শুরু হয়েছে। স্থানীয় লোকজন ছোট যমুনা নদী পুনঃখননে অনিয়মের অভিযোগ তুলে বলছেন, নদী খনন করে খাল বানানো হচ্ছে। এক্সকাভেটর মেশিন দিয়ে যেভাবে নদী খনন করা হচ্ছে, তা কোনো উপকারে আসবে না। এরই মধ্যে কয়েক স্থানে খনন করা নদীর পাড় ধসে পড়েছে।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড (বিভাগ-১) নির্বাহী প্রকৌশলীর দপ্তর সূত্রে জানা গেছে, গত বছর ৬৪ জেলার অভ্যন্তরীণ ছোট নদী, খাল ও জলাশয় পুনঃখনন প্রকল্প (প্রথম পর্যায়) আওতায় ৩ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে ছোট যমুনা নদীর ১৫ দশমিক ৯০ কিলোমিটার অংশে পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়।
কাজটি পায় বরিশালের ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনুস অ্যান্ড ব্রাদার্স। কার্যাদেশ অনুযায়ী, গত বছরের ২৭ অক্টোবর থেকে খননকাজ শুরু করে চলতি বছরের ৩০ মের মধ্যে সম্পন্ন করার কথা বলা হয়েছে। কার্যাদেশ অনুযায়ী, যমুনা নদীর তলদেশ হবে ২৮ ফুট প্রস্থ ও ওপরের অংশ হবে ৮০-১০০ ফুট।
গত সোমবার সরেজমিনে নদীসংলগ্ন কালীগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী গ্রামে দেখা গেছে, দুই প্রান্তে চারটি এক্সকাভেটর দিয়ে ছোট যমুনা নদীর তলদেশ থেকে পলিমাটি তুলে নদীর পাড়েই রাখা হচ্ছে। স্থানীয় লোকজন বলেন, একটু জোরে বৃষ্টি হলেই ওই মাটি ধসে পুনরায় ভরাট হয়ে যাবে নদী। এ ছাড়া কাজ চলছে খুবই ধীরগতিতে। তাতে নির্ধারিত সময়ের মধ্যে নদী খননের কাজ শেষ না হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
দুদলী গ্রামের বাসিন্দা সৈয়দ আমিরুল ইসলাম ও আমজাদ হোসেন বলেন, সিএস রেকর্ড অনুযায়ী, নদী ছিল ২৫০-৩০০ ফুট। বর্তমান শিডিউল অনুযায়ী, নদী খনন করা হবে ৮০-১০০ ফুট। ফলে নদী পুনঃখননের নামে খাল বানানো হচ্ছে। যে উদ্দেশ্য নিয়ে যমুনা নদীটি পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে, তা কোনো কাজে আসবে না। তলার পলিমাটি তুলে ওপরে রাখা হচ্ছে। যা কিছুদিন যেতে না যেতেই পুনরায় নদীগর্ভে ধসে পড়বে। এ নদী খননে বরাদ্দকৃত সাড়ে তিন কোটি টাকা কোনো কাজে আসবে না বলে তাঁরা দাবি করেন।
মথুরেশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল হাকিমও বলেন, যমুনা নদী পুনঃখননে অনিয়ম হচ্ছে। শিডিউল মতো খনন হচ্ছে না। যেভাবে খনন হচ্ছে, বর্ষা মৌসুম এলে আবার ভরাট হয়ে যাবে পাড় ধসে। সরকারের বরাদ্দকৃত সম্পূর্ণ টাকা পানিতে যাবে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের কয়েকবার বললেও তাঁরা কর্ণপাত করছেন না। প্রয়োজনে এলাকার লোকজন নিয়ে আন্দোলন করা ছাড়া কোনো উপায় দেখছেন না তিনি।
এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনুস অ্যান্ড ব্রাদার্সের প্রতিনিধি নাসিরউদ্দিন ফিরোজ প্রথম আলোকে বলেন, তাঁদের কাজের সময় এখনো শেষ হয়নি। কাজ শেষ হওয়ার আগেই শিডিউল অনুযায়ী কাজ শেষ করেই কর্তৃপক্ষকে বুঝিয়ে দেবেন। তিনি আরও বলেন, তবে নদীপাড়ে অসংখ্য অবৈধ স্থাপনা রয়েছে, যা উচ্ছেদ করার জন্য বারবার পাউবো কর্মকর্তাদের জানানো হয়েছে। কিন্তু অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়ায় নদীর খননকাজ ব্যাহত হচ্ছে। তিনি আরও বলেন, দুই-তিন দিন বৃষ্টির কারণে এক্সকাভেটর ১৫টির স্থলে ৪-৫টি চালাতে হচ্ছে। আবহাওয়া ভালো হলে একসঙ্গে সব এক্সকাভেটর চালানো হবে।
জানতে চাইলে সাতক্ষীরা পাউবোর (বিভাগ-১) নির্বাহী প্রকৌশলী মোহাম্মাদ সালাউদ্দিন বলেন, তিনি মাত্র দুই সপ্তাহ আগে সাতক্ষীরা জেলায় যোগদান করছেন। সোমবার তিনি ছোট যমুনা নদী পুনঃখনন কাজ পরিদর্শনে যান। সেখানে কিছু সমস্যা রয়েছে স্বীকার করে বলেন, পাড়ের পাশে মাটি রাখার কারণে কোনো কোনো স্থানের মাটি আবার ধসে নদীর ভেতর পড়ছে। ইতিমধ্যে ঠিকাদারকে বলা হয়েছে মাটি তুলে ফেলতে। না তুললে বিল দেওয়া হবে না। শিডিউল অনুযায়ী কাজ বুঝে নেওয়া হবে।