টানা সপ্তমবার সংসদ সদস্য নির্বাচিত হলেন জামালপুরের মির্জা আজম
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে টানা সপ্তমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। মোট ১৫৩টি ভোটকেন্দ্রে ২ লাখ ৭৬ হাজার ৪৫৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি।
মির্জা আজমের নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মীর সামসুল আলম পেয়েছেন ৭ হাজার ৪৭০ ভোট। এ ছাড়া জাতীয় পার্টির (জেপি) বাইসাইকেল প্রতীকের মো. নজরুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৭২০ ভোট। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শফিউর রহমান এ ফলাফল ঘোষণা করেন।
দলীয় নেতা-কর্মীরা বলেন, মির্জা আজম বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। মির্জা আজম ৩০ বছর ধরে জাতীয় সংসদের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আসছেন। জামালপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে টানা সপ্তমবারের মতো জয় একমাত্র তাঁর ঝুলিতেই আছে।
দলীয় সূত্রে জানা যায়, মির্জা আজম জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসন থেকে ১৯৯১ সালে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে লড়েন। তিনি মাত্র ২৮ বছর বয়সে প্রথমবার বিজয়ী হন। এরপর তিনি ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে জয় পান। এবার সপ্তমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন।
মির্জা আজম প্রথম আলোকে বলেন, ‘একদম তরুণ বয়সে আমি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হই। সেই সময় নেত্রী আমাকে একটি পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যদি আমি সৎভাবে জীবন যাপন করি, তাহলে সারা জীবন এমপি হতে পারব। সেই মন্ত্রই আমাকে ছয়বার এমপি বানিয়েছে। শুধু আমার আসন নয়, সারা জেলার যেকোনো সেবা প্রার্থী আমার কাছে এলে, আমি কখনোই ফিরিয়ে দিইনি। আমি সাধ্যমতো চেষ্টা করেছি, তাঁকে খুশি করতে। আমি মনে করি, সপ্তমবারের মতো টানা সংসদ সদস্য নির্বাচিত হওয়া তারই ফল।’
মির্জা আজম আরও বলেন, ‘এলাকার জনগণকে আমি সব সময় প্রভু মনে করি। দল, সরকার ও সংসদ সদস্য হিসেবে যখন যে দায়িত্ব অর্পিত হয়েছে, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী সপ্তমবারের মতো আমাকে মনোনয়ন দেওয়ায় আমি নির্বাচিত হলাম। ফলে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
১৮টি ইউনিয়ন ও ৩টি পৌরসভা নিয়ে গঠিত জামালপুর-৩ আসনে ভোটকেন্দ্র আছে ১৫৩টি। গতকাল সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়। অপ্রীতিকর ঘটনা ছাড়াই নিরবচ্ছিন্নভাবে ভোট গ্রহণ শেষ হয় বিকেল চারটায়। এই আসনে মোট ভোটার ৫ লাখ ১ হাজার ৮১৯।