দেবীদ্বারে আ.লীগ নেতার ওপর স্বেচ্ছাসেবক লীগ কর্মীর হামলা, থানায় অভিযোগ
কুমিল্লার দেবীদ্বার উপজেলায় মো. মোকবল হোসেন ওরফে মুকুল নামে স্থানীয় আওয়ামী লীগের এক নেতার ওপর স্বেচ্ছাসেবক লীগের এক কর্মী হামলা করেছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
হামলার শিকার মোকবল হোসেন উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি। অন্যদিকে হামলায় অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ কর্মীর নাম নুরুন্নবী। এ ঘটনায় নুরুন্নবী ও অজ্ঞাতনামা তিনজনের বিরুদ্ধে থানায় মারধর ও ছুরিকাঘাতে হত্যাচেষ্টার লিখিত অভিযোগ করেছেন ওই আওয়ামী লীগ নেতা।
মারধরের ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আহত ইউপি চেয়ারম্যান মোকবল হোসেনকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মোকবল হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি উপজেলা পরিষদের ভেতরে জরুরি কাজে যাচ্ছিলাম। তখন নুরুন্নবী আমার পথরোধ করে কোনো কিছু না বলেই এলোপাতাড়ি কিল-ঘুষি ও ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করেন। উপস্থিত লোকজন তাঁকে নিবৃত্ত করার চেষ্টা করতে এলেও ব্যর্থ হন। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
হামলার বিষয়ে জানতে চাইলে নুরুন্নবী প্রথম আলোকে বলেন, ‘আমি কোনো কিছু করিনি।’ ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে আপনাকে দেখা যাচ্ছে—জানালে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর প্রথম আলোকে বলেন, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠান। আহত ইউপি চেয়ারম্যান থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিচ্ছে। পূর্বশত্রুতার জেরে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা হয় বলে তিনি জানান।